1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 8, 2026, 10:08 pm

মানবতার বন্ধনে রক্তদান, খাগড়াছড়ি সনাতনী ব্লাড গ্রুপের নিরলস কার্যক্রম

বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি:
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
  • 103 Time View

“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”—ভূপেন হাজারিকার অমর এই গানের কথায় ফুটে ওঠে মানবতার চিরন্তন বার্তা। বিপদে একে অপরের পাশে দাঁড়ানো এবং মানুষের জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই মানবতার অন্যতম দৃষ্টান্ত। সেই মানবতার চেতনা ধারণ করে “একের রক্ত, অন্যের জীবন; রক্তই হোক সনাতনীর আত্মার বন্ধন” স্লোগানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে খাগড়াছড়ি জেলা সনাতনী ব্লাড গ্রুপ। স্বেচ্ছায় রক্তদান, রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করা, জনসচেতনতা সৃষ্টি এবং বিভিন্ন সামাজিক সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে একটি সুস্থ ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করছে সংগঠনটি। শুরু থেকেই খাগড়াছড়ি জেলা সনাতনী ব্লাড গ্রুপের অন্যতম লক্ষ্য—প্রত্যেক মানুষ যেন নিজের রক্তের গ্রুপ সম্পর্কে জানতে পারেন এবং মানবতার টানে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন। এ লক্ষ্যে সংগঠনটি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ে সহায়তার পাশাপাশি অনলাইন ও অফলাইনে বিভিন্ন প্রচারণা চালিয়ে আসছে। অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিত রক্তদানের প্রয়োজনীয়তা, রক্তদানে উদ্বুদ্ধকরণ এবং জনসচেতনতামূলক বিভিন্ন পোস্ট ও প্রচারণা চালানো হয়। তবে সংগঠনটির কার্যক্রম শুধু রক্তদানেই সীমাবদ্ধ নয়। পথশিশু, দরিদ্র কর্মচারী ও অসহায় মানুষের মধ্যে বিভিন্ন উৎসবে উপহারসামগ্রী বিতরণ, শীতকালে শীতবস্ত্র প্রদান, থ্যালাসেমিয়া ও চক্ষুদান দিবস এবং বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে সেমিনার, ক্যাম্পেইন ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করে থাকে তারা। পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মহান স্বাধীনতা দিবস ও মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন কর্মসূচিও পালন করে খাগড়াছড়ি জেলা সনাতনী ব্লাড গ্রুপ। স্বেচ্ছায় রক্তদানের বিষয়ে সংগঠনটির এক সদস্য বলেন, “রক্তদানে শুধু রক্তগ্রহীতাই উপকৃত হন না, রক্তদাতারাও বিভিন্নভাবে উপকৃত হন। রক্তদানের আগে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হয়, যার মাধ্যমে রক্তদাতা নিজের স্বাস্থ্য সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন।”  তিনি আরও বলেন, “আমরা চাই, মানুষ যেন নিজের ভেতর থেকেই মানবতার চেতনা নিয়ে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন। একদিন যদি মানুষ নিজ থেকেই রক্তদানে সচেতন হয়ে ওঠেন, তাহলে হয়তো আমাদের এই সংগঠনের আর প্রয়োজন হবে না।” মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠা খাগড়াছড়ি জেলা সনাতনী ব্লাড গ্রুপ শুধু একটি স্বেচ্ছাসেবী সংগঠন নয়; এটি জীবন বাঁচানোর, মানুষের পাশে দাঁড়ানোর এবং সমাজে ভালোবাসা ও সহমর্মিতা ছড়িয়ে দেওয়ার একটি মানবিক আন্দোলন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost