1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
September 20, 2026, 2:11 pm

করিমগঞ্জে ‘সেবা’র উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত ৪৩ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

আরিফুল ইসলাম রিফাত, করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
  • 87 Time View

মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে কিশোরগঞ্জের করিমগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘SEBA-সেবা’। সংগঠনটির উদ্যোগে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪৩ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট, স্মারক বই, কলম, ফুল ও বিশেষ উপহার দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলার উত্তর বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত হয়। করিমগঞ্জ ও পার্শ্ববর্তী উপজেলার ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব কৃতি শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘সেবা’র সভাপতি তোফায়েল আহমেদ দুর্জয়। সংগঠনের সাংগঠনিক সম্পাদক হোসেন আহমেদ রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও ‘সেবা’র প্রধান উপদেষ্টা শামসুল হক ফরহাদ। কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “শুধু ভালো ফলাফল করলেই হবে না, তোমাদের আদর্শ ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। নিজেদের মেধা ও যোগ্যতার পাশাপাশি সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল হয়ে সোনার বাংলা গড়ায় অবদান রাখতে হবে।” অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ‘সেবা’র প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বর্তমান উপদেষ্টা জুবায়ের ইবনে সাঈদ মানিক। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকেই ‘সেবা’ সংগঠনটি আর্তমানবতার কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে আসছে। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উৎসাহিত করতে আমরা বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচি পালন করছি। আমাদের সব কর্মসূচি বাস্তবায়নে দেশে অবস্থানরত সদস্য এবং নিবেদিতপ্রাণ প্রবাসী সদস্যরা শারীরিক ও আর্থিকভাবে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আশা করি, সবার সম্মিলিত সহযোগিতায় ‘সেবা’ সুস্থ ও মানবিক সমাজ নির্মাণে বহুদূর এগিয়ে যাবে।” প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও গুজাদিয়া আব্দুল হাকিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ ফকির। তিনি ‘সেবা’র এ উদ্যোগের প্রশংসা করে বলেন, “গ্রামীণ পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের এভাবে পুরস্কৃত ও মূল্যায়ন করা অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও বড় স্বপ্ন দেখার সাহস জোগাবে। সেবার এই শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত থাকুক—এই কামনা করি।” বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও ঝাওতলা আনোয়ারিয়া কামিল মাদ্রাসার আইসিটি শিক্ষক তরিকুল ইসলাম। তিনি বলেন, “নৈতিক শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আজকের তরুণদের দেশ গড়ার কারিগর হতে হবে। কৃতি শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে অভিভাবক, শিক্ষক ও সমাজসেবী সংগঠনগুলোর একযোগে কাজ করা অত্যন্ত জরুরি।” এ ছাড়া অনুষ্ঠানে অতিথি ও উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আবু তাহের, মুরাদ আহমেদ, মো. নুরুজ্জামান, সহসভাপতি মোমিনুল ইসলামসহ অন্যান্য উপদেষ্টা। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও সংগঠনের নিবেদিতপ্রাণ সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংগঠনের অর্থ সম্পাদক ফারুক আহাম্মদ জানান, করিমগঞ্জ ও পার্শ্ববর্তী উপজেলার মেধাবী শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে পাঁচ দিনব্যাপী অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনা করা হয়। স্বচ্ছ প্রক্রিয়ায় তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে সংবর্ধনার জন্য শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করা হয়। সংগঠনের সভাপতি তোফায়েল আহমেদ দুর্জয় বলেন, “শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করা এবং ভবিষ্যতে আরও ভালো অর্জনের জন্য অনুপ্রাণিত করাই এ সংবর্ধনা অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।” অনুষ্ঠানে ৪৩ জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, স্মারক বই, কলম, ফুল ও বিশেষ উপহার তুলে দেওয়া হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। সংবর্ধিত শিক্ষার্থীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ ধরনের স্বীকৃতি তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল করতে অনুপ্রেরণা জোগাবে। পাশাপাশি প্রতিবছর এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। উল্লেখ্য, বর্ণাঢ্য এ অনুষ্ঠান সফল করতে সার্বিক অর্থায়ন ও পৃষ্ঠপোষকতা প্রদান করেন সংগঠনের কার্যকরী সদস্য ও দুবাইপ্রবাসী জাকির হোসেন রবিনসহ ‘সেবা’র পরিচালনা পর্ষদ ও তরুণ স্বেচ্ছাসেবকরা। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost