
চুয়াডাঙ্গায় কোটি টাকা মূল্যের প্রায় ৩৩০ কেজি চুল ছিনতাইয়ের ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনার একদিনের মাথায় কাভার্ডভ্যানের চালক ও কারখানা ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া ২৩ বস্তা চুলও উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- মো. শহিদুল ইসলাম (৪৭) ও সানোয়ার হোসেন সান্টু (৩৯)। শহিদুল ইসলাম দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের মো. বকুল হোসেনের ছেলে। সানোয়ার হোসেন সান্টু একই উপজেলার কানাইডাঙ্গা গ্রামের মো. শুকুর আলীর ছেলে।রোববার (২৩ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ এসব তথ্য নিশ্চিত করে।এর আগে গত শনিবার (২২ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কোষাঘাটা এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসময় ৭ থেকে ৮ জন ব্যক্তি অস্ত্রের মুখে কাভার্ডভ্যান জিম্মি করে ভ্যানের ভেতরে থাকা ২৩ বস্তা চুল ছিনতাই করে। ছিনতাই হওয়া চুলের পরিমাণ প্রায় ৩৩০ কেজি। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা এসব চুলের বাজারমূল্য কোটি টাকারও বেশি বলে জানান। বাংলাদেশ হেয়ার প্রসেসিং ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আতিয়ার রহমান তাগিদার বলেন, দামুড়হুদার কার্পাসডাঙ্গার কারখানায় প্রসেসিংয়ের জন্য চুলগুলো কাভার্ডভ্যানে করে নেওয়া হচ্ছিল। ওই চালানে ২২ জন মালিকের মোট ২৩ বস্তা চুল ছিল। পরে রাস্তায় সেটা ছিনতাই হয়। পুলিশ ও ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ঢাকা থেকে ২৩ বস্তায় প্রায় ৩৩০ কেজি চুল কিনে কুরিয়ারের মাধ্যমে চুয়াডাঙ্গায় নিয়ে আসেন। পরে প্রক্রিয়াজাতকরণের জন্য সমিতির নিজস্ব কাভার্ডভ্যানে করে চুলগুলো দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা এলাকার একটি চুল প্রসেসিং কারখানায় নেওয়া হচ্ছিল। পথে দামুড়হুদার কোষাঘাটা এলাকায় পৌঁছালে ভ্যানটির গতিরোধ করে চুলগুলো নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পরপরই চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও দামুড়হুদা মডেল থানা পুলিশের একাধিক দল অভিযানে নামে। এসময় ঘটনাস্থলসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করে একপর্যায়ে পুলিশ ছিনতাইয়ের ঘটনায় ওই কাভার্ডভ্যানচালক ও কারখানা ম্যানেজারের সংশ্লিষ্টতার তথ্য পায়। রোববার সকালে চুয়াডাঙ্গা সার্কিট হাউজ এলাকা থেকে ছিনতাই হওয়া ২৩ বস্তা চুল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এর কিছুক্ষণ পর দামুড়হুদা এলাকা থেকে আটক হন ওই কাভার্ডভ্যানচালক ও কারখানা ম্যানেজার। তাদের আজ সোমবার আদালতে সোপর্দ করা হবে। একজন ব্যবসায়ী বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা করেছেন বলে জানা গেছে। তবে মামলার বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা হয়েছে। ছিনতাইয়ের সঙ্গে জড়িত দুজন গ্রেফতার হয়েছে। অন্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান এখনো চলমান।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply