
নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার করার অভিযোগে চুয়াডাঙ্গা ডিজে স্কুলের সামনে ‘ঢাকা কাচ্চি বাড়ি’ নামের একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত থানা রোডের বিরিয়ানি হাউজগুলোতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। সম্প্রতি বিরিয়ানি খেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজনের অসুস্থ হওয়ার অভিযোগ পাওয়ায় এ অভিযান পরিচালিত হয়। অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার করায় আনিছজ্জামানের প্রতিষ্ঠান ঢাকা কাচ্চি বাড়িকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও শাহী নান্না বিরিয়ানি হাউজ ও বিসমিল্লাহ বিরিয়ানি হাউজে অভিযান চালিয়ে ক্ষতিকর বা নিষিদ্ধ কোনো উপাদান (ফুড কালার বা কেওড়া জল) পাওয়া যায়নি। এ সময় প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা ও ভবিষ্যতে নিষিদ্ধ কোনো উপাদান ব্যবহার না করার নির্দেশনা প্রদান করা হয়। এ অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন পৌর স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মন্জুরুল আলম মালিক লার্জ, সাধারণ সম্পাদক সুমন পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক মহলদার ইমরান রিন্টু, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও সদর থানা পুলিশের একটি টিম।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply