চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ (পিআরএল ভোগরত) মোছা. ফরিদা ইয়াসমীনের বিরুদ্ধে শিক্ষার্থী ভর্তিতে সরকার নির্ধারিত সীমার বাইরে অতিরিক্ত অর্থ আদায় এবং এর কোনো সঠিক হিসাব বা প্রমাণক সংরক্ষণ না করার গুরুতর অভিযোগ উঠেছে। এই আর্থিক অনিয়মের অভিযোগের সত্যতা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই ও নিষ্পত্তির লক্ষ্যে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে কঠোর অবস্থান নেয়া হয়েছে এবং তাকে আগামী ৩০ নভেম্বর পুনরায় ব্যক্তিগত শুনানিতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। অধিদপ্তরের সহকারী পরিচালক (শৃঙ্খলা) মোছা. ফরিদা ইয়াসমীন স্বাক্ষরিত এক দাপ্তরিক নোটিশ সূত্রে এই চাঞ্চল্যকর তথ্য জানা গেছে।
জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থবছরে ইনস্টিটিউটে ‘ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি’ এবং ‘ডিপ্লোমা ইন মিডওয়াইফারি’ কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত ভর্তি ফি আদায় করা হয়। সংক্ষুব্ধ শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মহলের অভিযোগের প্রেক্ষিতে গত ২৯ সেপ্টেম্বর তার প্রথম ব্যক্তিগত শুনানি গ্রহণ করা হয়।
কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর বিষয় হলো, প্রথম শুনানিকালীন ওই কর্মকর্তা অভিযোগসংশ্লিষ্ট কোনো ধরনের আর্থিক হিসাব বা প্রয়োজনীয় প্রমাণক দাখিল করতে পারেননি। পরবর্তী সময়ে তিনি দলিলাদি দাখিলের জন্য সময় প্রার্থনা করেন। সম্প্রতি তাঁর পাঠানো কাগজপত্র ও প্রমাণক পর্যালোচনায় দেখা যায়, ইনস্টিটিউটের ব্যাংক হিসাবের পূর্ণাঙ্গ স্টেটমেন্ট, খাতাওয়ারি ব্যয়ের বিবরণী, ব্যাংক থেকে টাকা উত্তোলন এবং বিল-ভাউচারের মতো অতিপ্রয়োজনীয় দলিলাদির চরম অনুপস্থিতি রয়েছে। ফলে শিক্ষার্থীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া লাখ লাখ টাকার সঠিক হিসাব বা অর্থের অবশিষ্ট স্থিতি যাচাই করা সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়েছে।
অভিযোগের গুরুত্ব বিবেচনা করে আগামী ৩০ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখ সকাল ১০টায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের দপ্তরে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ও চূড়ান্ত শুনানিতে অভিযুক্ত কর্মকর্তাকে একগুচ্ছ গুরুত্বপূর্ণ দলিলাদির মূল কপিসহ উপস্থিত থাকতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে—২০২৪-২০২৫ অর্থবছরের ইনস্টিটিউটের সকল ব্যাংক হিসাবের পূর্ণাঙ্গ ব্যাংক স্টেটমেন্ট। শিক্ষার্থীদের নিকট থেকে আদায়কৃত অর্থের কোর্সভিত্তিক ও খাতওয়ারি সুনির্দিষ্ট হিসাব। সংগৃহীত অর্থের কত অংশ ব্যাংকে জমা এবং কত অংশ নগদে ব্যয় হয়েছে তার পরিষ্কার প্রমাণক। প্রতিটি খাতের ব্যয়ের সমর্থনে মূল বিল, ভাউচার ও রশিদ। অর্থ আদায় ও ব্যয়ের পক্ষে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনপত্র ও কমিটির সিদ্ধান্তের রেজুলেশন। দায়িত্ব হস্তান্তরের তারিখ পর্যন্ত তহবিলের আয়-ব্যয়ের চূড়ান্ত হিসাব এবং ব্যাংক বা নগদে থাকা অবশিষ্ট অর্থের স্থিতি ও তা বুঝিয়ে দেয়ার প্রমাণক। অব্যয়িত অর্থের বর্তমান অবস্থান ও সংরক্ষণের সুনির্দিষ্ট প্রমাণাদি।
একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের আর্থিক অস্বচ্ছতা ও হরিলুটের অভিযোগে চুয়াডাঙ্গার সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, অবিলম্বে এই অনিয়মের নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে কেউ শিক্ষার্থীদের অধিকার নিয়ে এমন ছিনিমিনি খেলতে না পারে।
Leave a Reply