
দিনাজপুরের নবাবগঞ্জে নাশকতার মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামের শাহী ইমরান (২৩), জগন্নাথপুর গ্রামের মো. নুরে আলম সিদ্দিক (২০) এবং একই গ্রামের মো. মাহাদি হাসান (২০)। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট রাত ৯টার দিকে উপজেলার পাহাড়পুর এলাকায় পাঠানগঞ্জ-ডাংশেরহাট পাকা সড়কে সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের নির্দেশে কয়েকজন ব্যক্তি সমবেত হন বলে অভিযোগ রয়েছে। এ সময় শেখ হাসিনার ফাঁসির রায় প্রত্যাহারের দাবিতে মশাল মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তাঁদের কাছে পশু জবাইয়ের কুড়াল, লোহার রড, সামুরাই, হকিস্টিক ও বাঁশের লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। পুলিশ জানায়, খবর পেয়ে রাত সোয়া ১০টার দিকে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মশাল মিছিলে অংশ নিতে আসা ব্যক্তিরা পালিয়ে যান। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তের ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস জানান, নিষিদ্ধ ছাত্রলীগের তিন কর্মীকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply