
দিনাজপুরের বীরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে একাদশ, অনার্স ও ডিগ্রি (পাস কোর্স) শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম মঞ্জু। প্রধান অতিথির বক্তব্যে মনজুরুল ইসলাম মঞ্জু এমপি বলেন, বীরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ এ অঞ্চলের শিক্ষার অন্যতম প্রাণকেন্দ্র। শিক্ষা একটি জাতিকে উন্নতি ও সমৃদ্ধির সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারে। একটি শিক্ষিত প্রজন্মই দেশ ও জাতির ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে তুলতে পারে। তাই শিক্ষার কোনো বিকল্প নেই। আজকের নবীন শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির গুরুত্বপূর্ণ সম্পদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ হিসেবেও নিজেদের গড়ে তুলতে হবে। মাদক থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে। মাদক একটি পরিবার, সমাজ ও জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রাখতে হবে। খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায় এবং তরুণ সমাজকে অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। শিক্ষকদের সর্বোচ্চ সম্মান করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষকরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না, তাঁরা শিক্ষার্থীদের জীবন গঠনের পথপ্রদর্শক। একই সঙ্গে বাবা-মা ও অভিভাবকদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে এবং তাঁদের স্বপ্ন ও প্রত্যাশার মর্যাদা দিতে হবে। নৈতিকতা, শৃঙ্খলা, সততা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রী সোহাগ বাবু, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, কলেজের একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব মো. আব্দুল মতিন এবং শিক্ষক পরিষদের সম্পাদক মনোয়ার আহমেদ সিদ্দিকী। এ ছাড়া উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা বিএনপির সদস্য সুবাস দাস, ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, ক্রীড়াবিষয়ক সম্পাদক মশিউর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক আরিফ মাসুম পল্লব এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা।অনুষ্ঠানের শুরুতে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। এ সময় বিএনসিসির পক্ষ থেকে প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তাঁকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট দেওয়া হয়। আনুষ্ঠানিক বরণ, গার্ড অব অনার ও ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি আরও বর্ণিল ও মর্যাদাপূর্ণ হয়ে ওঠে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply