
‘২০৩০ সালের মধ্যে বাংলাদেশে কেউ অন্ধ থাকবে না’—এমন আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার বিভাগের রংপুর বিভাগীয় পরিচালক (যুগ্ম সচিব) মো. আবু জাফর। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। যার চোখের আলো নেই, তার কাছে পৃথিবী অন্ধকার। তাই চোখের সমস্যা দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। পাশাপাশি নিয়মিত চোখের যত্ন নিতে হবে। বুধবার (৪ নভেম্বর) দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) প্রাঙ্গণে বিনামূল্যে চোখ পরীক্ষা ও ছানি অপারেশন ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাউসুল আযম বিএনএসবি আই হসপিটাল, দিনাজপুরের আয়োজনে এবং দিনাজপুর পৌরসভার ব্যবস্থাপনায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে পিকেএসএফ ও অরবিস ইন্টারন্যাশনাল। দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এবং সঞ্চালনা করেন গাউসুল আযম বিএনএসবি আই হসপিটালের সাধারণ সম্পাদক ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর পৌরসভার প্রশাসক শেখ হাফিজুর রহমান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন শরীফ এবং দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. দেলওয়ার হোসেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের যত্ন নেওয়া আরও জরুরি হয়ে পড়ে। শিশুদের পুষ্টিকর খাবার দেওয়ার পাশাপাশি তাদের চোখের প্রতিও নিয়মিত যত্ন নিতে হবে। পৌরসভার প্রশাসক শেখ হাফিজুর রহমান বলেন, সুস্থভাবে বেঁচে থাকতে শরীরের প্রতিটি অঙ্গের যত্ন নেওয়া প্রয়োজন। স্বাগত বক্তব্যে ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী জানান, জেলা প্রশাসকের সহযোগিতায় শিগগিরই বোচাগঞ্জ উপজেলাকে ছানিমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে চক্ষু ক্যাম্পের মাধ্যমে জেলার প্রতিটি উপজেলায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. মুজিবর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. মিনারুল ইসলাম ও সহকারী প্রকৌশলী মীর তফাজ্জল হোসেন। ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গাউসুল আযম বিএনএসবি আই হসপিটালের সহকারী আউটরিচ কর্মকর্তা মো. হামিদুর রহমান।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply