1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 14, 2026, 8:41 pm

মধ্যপাড়া পাথর খনিতে জিটিসির নতুন রেকর্ড, অক্টোবরে উত্তোলন দেড় লাখ টনের বেশি

ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, নভেম্বর ১, ২০২৬
  • 56 Time View
Oplus_16908288

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র ভূগর্ভস্থ কঠিন শিলা খনি মধ্যপাড়ায় পাথর উত্তোলনে নতুন রেকর্ড সৃষ্টি করেছে খনি পরিচালনার দায়িত্বে থাকা বেসরকারি প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)। গত অক্টোবর মাসে খনি থেকে দেড় লাখ মেট্রিক টনের বেশি পাথর উত্তোলন করা হয়েছে, যা খনিটির মাসিক উৎপাদনে নতুন মাইলফলক বলে দাবি সংশ্লিষ্টদের। খনি সূত্রে জানা যায়, জিটিসির সঙ্গে মধ্যপাড়া পাথর খনির পরিচালনা, উৎপাদন ও উন্নয়নে দ্বিতীয় দফা চুক্তির পর থেকে উৎপাদনে ধারাবাহিক অগ্রগতি হয়েছে। এরই ধারাবাহিকতায় গত অক্টোবর মাসে ছুটির দিন বাদে দেড় লাখ মেট্রিক টনের বেশি পাথর উত্তোলন করা হয়। দৈনিক গড়ে প্রায় ছয় হাজার মেট্রিক টন পাথর উত্তোলনের মাধ্যমে এ রেকর্ড অর্জিত হয়েছে। জানা গেছে, ২০০৭ সালে মধ্যপাড়া পাথর খনি থেকে বাণিজ্যিকভাবে পাথর উত্তোলন শুরু হয়। শুরুর দিকে দৈনিক মাত্র ৪০০ থেকে ৫০০ মেট্রিক টন পাথর উত্তোলন করা হতো। পরবর্তী সময়ে জিটিসি দায়িত্ব গ্রহণের পর আধুনিক প্রযুক্তি, বিদেশি খনি বিশেষজ্ঞ ও দক্ষ জনবলের সমন্বয়ে উৎপাদন বাড়তে থাকে। বর্তমানে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রতি মাসে রেকর্ড পরিমাণ পাথর উত্তোলন করা হচ্ছে বলে খনি সূত্র জানিয়েছে। খনি সংশ্লিষ্টদের মতে, উৎপাদন বৃদ্ধি পাওয়ায় দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দেশীয় পাথরের সরবরাহ বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে। এতে পাথর আমদানিনির্ভরতা কমার পাশাপাশি সরকারের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে। বর্তমানে খনির বিভিন্ন স্থানে বিভিন্ন আকারের প্রায় ১৫ লাখ মেট্রিক টনের বেশি পাথর মজুদ রয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা জানান, মধ্যপাড়া পাথর খনির উন্নয়ন ও উৎপাদনে জিটিসির বিদেশি বিশেষজ্ঞ দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উৎপাদনের এই ধারাবাহিকতা বজায় রাখতে সরকারের সহযোগিতা, খনির আধুনিকায়ন এবং পাথর বিক্রির বাজার সম্প্রসারণ প্রয়োজন। বিশেষ করে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক সংস্থাকে মধ্যপাড়া খনির পাথর ব্যবহারে আরও আগ্রহী করা গেলে বিক্রি বাড়বে এবং খনির আয়ও বৃদ্ধি পাবে। উল্লেখ্য, মধ্যপাড়া পাথর খনি প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়নে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তী সময়ে উত্তর কোরিয়ার একটি প্রতিষ্ঠানের সঙ্গে খনি পরিচালনার চুক্তি হলেও উৎপাদন ও উন্নয়ন কার্যক্রম প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারেনি বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। পরবর্তীতে জিটিসি দায়িত্ব নেওয়ার পর খনিটির উৎপাদন কার্যক্রমে গতি আসে। পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এবং সরকারের রাজস্ব আয়েও অবদান রাখছে খনিটি। খনির উৎপাদন ও উন্নয়নের এ ধারা অব্যাহত থাকলে মধ্যপাড়া কঠিন শিলা খনি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন খনি শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost