
দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ মেইল২৪.নিউজের বর্ষসেরা মাল্টিমিডিয়া রিপোর্টার সম্মাননা পেয়েছেন খাগড়াছড়ি প্রতিনিধি বিপ্লব তালুকদার। মাল্টিমিডিয়া সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের অডিটরিয়ামে পোর্টালটির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী, প্রতিনিধি সম্মেলন ও গুণীজন সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মেইল২৪.নিউজের সম্পাদক এম এ রাশেদ তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোর্টালটির প্রধান সম্পাদক ও প্রকাশক এ বি জিয়াউদ্দিন হোসেন। প্রধান আলোচক ছিলেন ইংরেজি দৈনিক ডেইলি সানের ক্রীড়া সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি দিনেশ মাহাতো। অনুষ্ঠানে সংবাদ সংগ্রহ, বস্তুনিষ্ঠ উপস্থাপনা, অনুসন্ধানী প্রতিবেদন ও মাল্টিমিডিয়া সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা সাংবাদিকদের সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া ক্রীড়া সাংবাদিকতায় শামীম চৌধুরী, মানবসেবায় ইউএনবির বিশেষ প্রতিনিধি মুহাম্মদ জাহাঙ্গীর আলম এবং বিনোদন সাংবাদিকতায় বাংলাদেশ প্রতিদিনের জ্যেষ্ঠ প্রতিবেদক মোস্তফা মতিহারকে সম্মাননা প্রদান করা হয়। চলচ্চিত্র অঙ্গনে অবদানের জন্য চিত্রনায়ক জয় চৌধুরীকেও সম্মাননা স্মারক দেওয়া হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, অল্প সময়ের মধ্যে বাংলাদেশ মেইল২৪.নিউজ পাঠকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে ভবিষ্যতেও পোর্টালটি দেশের গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply