
চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাং ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। এ অভিযানে সদর মডেল থানা এলাকা থেকে সাতজন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সদর সার্কেল)-এর তত্ত্বাবধানে সন্ধ্যায় এ অভিযান পরিচালিত হয়। জেলার প্রতিটি থানায় একযোগে পরিচালিত এ বিশেষ অভিযানে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অংশ নেন। কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণ এবং মাদকসংক্রান্ত অপরাধ প্রতিরোধে পুলিশের এ উদ্যোগ নেওয়া হয়। অভিযানে গ্রেপ্তার সাতজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাঁদের আরও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। জেলায় কিশোর গ্যাংয়ের তৎপরতা ও মাদকসংক্রান্ত অপরাধ প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply