
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ২৩ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৩৯২ পিস ইয়াবা ট্যাবলেট। বুধবার (২৫ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ২৪ নভেম্বর দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ফকিরগঞ্জ বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে অভিযানস্থলে তল্লাশি চালিয়ে ১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৩৯২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব মাদকদ্রব্যের সিজার মূল্য ১ লাখ ২৩ হাজার ৬০০ টাকা। উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে। এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “মাদক চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অবস্থান অত্যন্ত কঠোর ও আপসহীন। সীমান্তকে মাদকমুক্ত রাখতে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হচ্ছে। মাদক চোরাকারবারিদের কোনো ধরনের অপতৎপরতাই বরদাশত করা হবে না। দেশের যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে সুরক্ষিত রাখতে বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ।”
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply