
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৬ লাখ টাকা মূল্যের ২ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। জব্দ করা ট্যাবলেটের নাম ‘টেন্সিউইন জিরো ফাইভ’। বুধবার (২৫ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার রাত ৩টা ৪৫ মিনিটে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ বড়গ্রাম বিওপির দায়িত্বপূর্ণ দিনাজপুর জেলার ভাতখৈর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৬ লাখ টাকা মূল্যের ২ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ‘টেন্সিউইন জিরো ফাইভ’ জব্দ করতে সক্ষম হয় বিজিবি। এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের লক্ষ্যে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) দৃঢ়তা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply