1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 24, 2026, 6:25 pm

ফ্যামিলি ও কৃষক কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের তথ্য নির্ভুল করার নির্দেশ বিভাগীয় কমিশনারের

ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
  • 4 Time View
ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি:

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ে নির্ভুল তথ্য সংগ্রহ ও যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করেছেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন, সরকারি প্রকল্প বাস্তবায়নে শুধু সভায় আলোচনা কিংবা প্রতিবেদন শুনে বাস্তব সমস্যার গভীরতা অনুধাবন করা সম্ভব নয়। প্রকৃত চিত্র জানতে হলে সরেজমিনে মাঠপর্যায়ে যেতে হবে। এ জন্য সংশ্লিষ্ট সব দপ্তরের কর্মকর্তাদের সমন্বিতভাবে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ (কাঞ্চন-১)-এ জেলা প্রশাসনের আয়োজনে ‘ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বাস্তবায়ন সংক্রান্ত মনিটরিং পরিকল্পনায় স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিভাগীয় কমিশনার বলেন, সভায় উপস্থিত অনেকে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেছেন। তবে সরেজমিনে না গেলে বাস্তব পরিস্থিতি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায় না। অতীতে অনেক কিছু শুনেছেন, কিন্তু বাস্তবে এসে সমস্যার গভীরতা আরও বেশি বলে উপলব্ধি করেছেন। দিনাজপুরের ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, প্রায় ৪০ লাখ মানুষের এই জনপদ বাংলাদেশের শস্যভান্ডার হিসেবে পরিচিত। পর্যটন সম্ভাবনায় সমৃদ্ধ দিনাজপুরকে নানা বিশেষণে অভিহিত করা যায়। সীমান্তবর্তী জেলা হিসেবে এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি অবৈধ অনুপ্রবেশ ও মাদকের প্রবেশ প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। মাদক একটি জাতির ভবিষ্যৎ ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে উল্লেখ করে তিনি এ বিষয়ে বিশেষ নজরদারির ওপর গুরুত্ব দেন। শিক্ষা বিভাগের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে বিভাগীয় কমিশনার বলেন, শিক্ষার্থীরা নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হচ্ছে কি না, তা শিক্ষকদের পর্যবেক্ষণ করতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণের বিষয়েও গুরুত্ব দিতে হবে।সভায় জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিভিন্ন কারিগরি সমস্যা এবং উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে বাস্তব প্রতিবন্ধকতার বিষয় উঠে আসে। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট পর্যায়ে সহযোগিতার আশ্বাস দেন তিনি। জনবল সংকট প্রসঙ্গে তিনি বলেন, সরকারি দপ্তরগুলোতে জনবল একটি বড় সমস্যা। তবে সীমিত জনবল নিয়েই অতিরিক্ত সমন্বয় ও দায়িত্বশীলতার মাধ্যমে নির্ধারিত কাজ সম্পন্ন করতে হবে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। প্রকৃত উপকারভোগী চিহ্নিত করতে তথ্য সংগ্রহ ও যাচাইয়ের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা করা যাবে না। দিনাজপুরের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, এ জেলার প্রতি সরকারের বিশেষ দৃষ্টি রয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্প এমনভাবে বাস্তবায়ন করতে হবে, যাতে অন্য জেলাগুলোও দিনাজপুরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে। দিনাজপুরকে মডেল হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। উন্নয়নমূলক কার্যক্রম প্রসঙ্গে খাল খনন ও বৃক্ষরোপণ প্রকল্পের কথা উল্লেখ করে বিভাগীয় কমিশনার বলেন, খাল খননের কাজ এমনভাবে করতে হবে, যাতে প্রকল্পের সুফল দীর্ঘস্থায়ী হয়। শুধু কাজ সম্পন্ন করলেই হবে না, এর স্থায়িত্ব ও কার্যকারিতাও নিশ্চিত করতে হবে। সরকারি সেবার মান ও জনভোগান্তি প্রসঙ্গে তিনি বলেন, দিনের শেষে জনগণ যেন সরকারি দপ্তর থেকে হয়রানির শিকার না হয়ে কাঙ্ক্ষিত সেবা পায়, সেটিই নিশ্চিত করতে হবে। বিভিন্ন দপ্তরের বিরুদ্ধে নাগরিকদের কাছ থেকে নানা সময় অভিযোগ আসে। তাই সব বিভাগের কর্মকর্তাদের এ বিষয়ে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার ওপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ জিদান আল মুসা, পিপিএম; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. হাবিবুল হাসান; স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) শেখ হাফিজুর রহমান; সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান; স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোঃ আলী হোসেন; জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুল মতিন ও সহকারী পরিচালক মোঃ মুনির হোসেন; জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মোঃ আলা উদ্দীন আল আজাদ; জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোর্শেদ আলী খান এবং দিনাজপুর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহীন সুলতানা বিউটিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা। সভায় পুলিশ সুপার, সড়ক ও জনপথ অধিদপ্তর এবং এলজিইডির নির্বাহী প্রকৌশলীসহ অন্যান্য অংশগ্রহণকারী নিজ নিজ দপ্তরের কার্যক্রম, বাস্তবায়নসংক্রান্ত সমস্যা ও সংশ্লিষ্ট বিষয় তুলে ধরে বক্তব্য দেন। সভায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বাস্তবায়নের মনিটরিং পরিকল্পনা, মাঠপর্যায়ের তথ্য যাচাই, সরকারি সেবার মানোন্নয়ন এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের বাস্তব সমস্যা ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরিশেষে প্রধান অতিথির বক্তব্যের পর সভাপতি ও জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম সভার সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost