
জিকে খাল পুনঃখনন ও সংস্কারের মাধ্যমে কুষ্টিয়াসহ আশপাশের এলাকার কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, খালগুলো পুনঃখনন ও সংস্কারের মাধ্যমে সচল করা হলে প্রায় এক লাখ হেক্টর কৃষিজমি সেচের আওতায় আসবে। এতে কৃষকদের সেচসুবিধা বাড়ার পাশাপাশি সব ধরনের ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়িয়া এলাকায় জিকে খাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে অনেক খাল ভরাট হয়ে যাওয়ায় এবং নাব্যতা হারানোর কারণে কৃষকরা প্রয়োজনীয় সেচসুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এসব খাল খনন ও পুনঃখননের মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা হবে। এতে কৃষিজমিতে সেচের পানির প্রাপ্যতা বাড়বে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে। তিনি আরও বলেন, খালগুলো পুনরুজ্জীবিত হলে কৃষকদের সেচসংকট অনেকাংশে দূর হবে। পাশাপাশি বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি এবং কৃষি খাতে পানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা, উপ-বিভাগীয় প্রকৌশলী সিফাত আল সিয়াম, সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার এবং কুষ্টিয়া জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মিথুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রসঙ্গত, আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান কুষ্টিয়া সফরে আসবেন। এ সময় তিনি খাল খনন কর্মসূচির উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে প্রস্তুতি ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিদর্শনে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কুষ্টিয়া সফর করছেন।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply