
বান্দরবানের লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় বন্যহাতির আক্রমণে নিহত, আহত ও ফসলের ক্ষতির শিকার ৬৬ পরিবারের মাঝে ২১ লাখ ৫৯ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) দুপুরে লামা বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব চেক বিতরণ করেন প্রধান বন সংরক্ষক মো. আমির হোসাইন চৌধুরী। এ সময় চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ, লামা প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক মো. নুরুল করিম আরমান, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল আহমদ, মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. রফিকুল ইসলাম, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আবুল হাশেম, জোত মালিক ও কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি সুলতান আকবর মোমিন এবং সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
চেক বিতরণ উপলক্ষে এর আগে লামা বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে হাতি সংরক্ষণ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সহকারী তথ্য অফিসারের সঞ্চালনায় লামা বন বিভাগের আয়োজনে সভায় স্থানীয় জনসাধারণ, বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য, সাংবাদিক, পুলিশ ও ইআরটি দলের সদস্যরা অংশ নেন।
সভায় স্বাগত বক্তব্য দেন বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মাসুম হোসেন। এ ছাড়া ইআরটি দলের সদস্য নবী হোসেন এবং ক্ষতিগ্রস্ত রুবি আক্তার ও বোলাল উদ্দিন তাঁদের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রধান বন সংরক্ষক মো. আমির হোসাইন চৌধুরী বলেন, বন্যহাতির আক্রমণে যারা আপনজন হারিয়েছেন, তাঁরাই বোঝেন এই ক্ষতি কতটা বেদনাদায়ক। এ ক্ষতি কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। বন বিভাগের পক্ষ থেকে দেওয়া আর্থিক সহায়তা মূলত ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনার নিদর্শন।
তিনি আরও বলেন, হাতির আবাসস্থল দখল করে মানববসতি গড়ে তোলা, জুম চাষ ও বাগান সৃজনের কারণে হাতির খাদ্যসংকট দেখা দিচ্ছে। ফলে খাবারের সন্ধানে হাতি লোকালয়ে নেমে এসে মানুষের প্রাণহানি, আহত হওয়া ও ফসলের ক্ষতি করছে। এতে মানুষ ও হাতির মধ্যে সংঘাত বাড়ছে।
হাতি সংরক্ষণে সরকার ইতিমধ্যে প্রকল্প গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, হাতি প্রবণ এলাকায় ইআরটি (এলিফ্যান্ট রেসপন্স টিম) গঠন করা হয়েছে। এসব দলের সদস্যরা হাতি সংরক্ষণ ও মানুষ-হাতির সংঘাত নিরসনে কাজ করছেন।
তিনি আরও বলেন, হাতি জাতীয় সম্পদ। তাই হাতির আবাসস্থল দখল ও ধ্বংস না করে উন্মুক্ত রাখা জরুরি। কোনোভাবেই হাতি হত্যা করা যাবে না। বরং সবাইকে সম্মিলিতভাবে হাতি সংরক্ষণে এগিয়ে আসতে হবে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply