
দিনাজপুরের বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৪৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মদের আনুমানিক সিজার মূল্য ৭৩ হাজার ৫০০ টাকা। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাত ১টা ২০ মিনিটে রামচন্দ্রপুর বিওপির একটি টহল দল বিরল উপজেলার দক্ষিণ বালান্দর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ৩২৯/১-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৪৯ বোতল ভারতীয় ‘কসমস ফিফটি’ মদ উদ্ধার করা হয়। বিজিবি জানায়, উদ্ধার করা মদের সিজার মূল্য ৭৩ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। উদ্ধার করা মদ জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্ত এলাকায় সব ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply