
চুয়াডাঙ্গার দর্শনায় পুলিশ হেফাজত থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ওই নেতাসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেওয়া কুড়ুলগাছি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. আবু সিদ্দীক (৭০)। এ ঘটনায় পুলিশের কাজে বাধা, পুলিশ সদস্যদের ওপর হামলা এবং সরকারি কাজে ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ রয়েছে।বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দর্শনা থানার চণ্ডীপুর পূর্বপাড়া গ্রামের সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার (১ অক্টোবর) চুয়াডাঙ্গা সদর বাসস্ট্যান্ড এলাকা থেকে আবু সিদ্দীককে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে ঘটনায় মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে দর্শনা থানার উপপরিদর্শক (এসআই) মোল্ল্যা আরিফুল ইসলাম রাত্রীকালীন মোবাইল ডিউটি ও বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন, চণ্ডীপুর পূর্বপাড়া গ্রামের সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরের সামনে সড়কে কয়েকজন ব্যক্তি অবস্থান করছেন। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন বলে পুলিশের কাছে তথ্য আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় চণ্ডীপুর পূর্বপাড়া গ্রামের মৃত তরিবত মন্ডলের ছেলে মো. আবু সিদ্দীককে (৭০) আটক করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, আবু সিদ্দীককে আইনানুগ প্রক্রিয়ায় থানায় নেওয়ার সময় ঘটনাস্থলে থাকা কয়েকজন সংঘবদ্ধ হয়ে পুলিশের কাজে বাধা দেন। একপর্যায়ে তারা পুলিশের ওপর হামলা চালান। এ সময় সরকারি কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলের হেডলাইট ও লুকিং গ্লাস ভাঙচুর করা হয়। এতে দুই পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশের হেফাজতে থাকা আবু সিদ্দীককে জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার পরপরই অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে তাদের ফেলে যাওয়া বিভিন্ন মাপের নয়টি বাঁশের লাঠি ও দুটি হাসুয়া জব্দ করা হয়। পরে পুলিশের অভিযান অব্যাহত থাকে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর বাসস্ট্যান্ড এলাকা থেকে ছিনিয়ে নেওয়া পলাতক আসামি আবু সিদ্দীককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্যরা হলেন—চণ্ডীপুর পূর্বপাড়া গ্রামের রবি হালদারের ছেলে লক্ষণ (৩৮), মো. সেলিম উদ্দিনের ছেলে মো. ফিরোজ হোসেন (১৯), হারুন অর রশিদের ছেলে মো. ফরহাদ হোসেন (১৯), শ্রী মিলন হালদারের মেয়ে ও সঞ্জিত হালদারের স্ত্রী সোনালী হালদার (৩০), নব কুমার বিশ্বাসের মেয়ে ও সঞ্জয় হালদারের স্ত্রী কণা রাণী (২৫), মো. খোকনের স্ত্রী মোছা. নাছিমা বেগম (৪০), সদর মন্ডলের ছেলে আলম বাদশা (৫৫) এবং হরেন হালদারের ছেলে ফুলন হালদার (৩২)। গ্রেপ্তার সবাই দর্শনা থানার চণ্ডীপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সরকারি কাজে বাধা, পুলিশ সদস্যদের ওপর হামলা ও সরকারি সম্পত্তির ক্ষতিসাধনের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply