1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 9, 2026, 10:40 am

লামায় নদী-ঝিরির ভাঙনে বিলীনের পথে সনাতন ধর্মাবলম্বীদের একমাত্র শ্মশান

মোহাম্মদ আবুল হাশেম, লামা প্রতিনিধি
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
  • 39 Time View

বান্দরবানের লামা পৌর শহরের হাসপাতালপাড়া এলাকায় শত বছরের পুরোনো সনাতন ধর্মাবলম্বীদের একমাত্র কেন্দ্রীয় শ্মশানটি এখন বিলীনের পথে। একদিকে মাতামুহুরী নদী, অন্যদিকে পাহাড়ি নুনার ঝিরির ভাঙনে দিন দিন সংকুচিত হয়ে আসছে শ্মশানটির পরিসর। দীর্ঘদিন সংস্কার ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে শ্মশানটি এখন লাশ দাহের অনুপযোগী হয়ে পড়েছে। পৌর এলাকার প্রায় ৬০০ পরিবারের শেষকৃত্যের একমাত্র নির্ভরযোগ্য স্থানটি রক্ষায় দ্রুত ভাঙন প্রতিরোধে রিটার্নিং ওয়াল নির্মাণসহ সংস্কার, লাইটিং ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০০ বছর আগে মাতামুহুরী নদীর পাড় ও নুনার ঝিরির শেষ প্রান্তে প্রায় ৪০ শতক জায়গার ওপর লামা কেন্দ্রীয় শ্মশানটি প্রতিষ্ঠিত হয়। পৌর এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের জন্য আর কোনো শ্মশান না থাকায় মৃত্যুর পর শেষকৃত্য সম্পন্ন করার একমাত্র স্থান হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে এটি।প্রতিবছর বর্ষা মৌসুমে নুনার ঝিরি ও মাতামুহুরী নদীর পানির প্রবল স্রোতে শ্মশানের পাড়ে ভাঙন দেখা দেয়। পানি কমে গেলেও ভাঙন অব্যাহত থাকে। ইতোমধ্যে শ্মশানের বড় একটি অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভেঙে গেছে শত শত সমাধিস্থল। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সরেজমিনে দেখা যায়, ঝিরি ও নদীর পানি বাড়লে শ্মশান এলাকায় তীব্র ভাঙন দেখা দেয়। অনেক সময় দাহ ও সমাধিস্থলের জায়গায় পানি উঠে যায়। এমনকি শ্মশানের ঘরেও পানি ঢুকে পড়ে। বর্তমানে শ্মশানের অবশিষ্ট জায়গাটুকুও ভাঙনের মুখে রয়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় শ্মশানটি নানা সমস্যায় জর্জরিত। পর্যাপ্ত লাইটিং ব্যবস্থা না থাকায় রাতে মৃতদেহ দাহ করাও কঠিন হয়ে পড়ে। পাশাপাশি বাউন্ডারি ওয়াল না থাকায় রাতে শ্মশান এলাকায় মাদকসেবীদের আড্ডা বসে বলে অভিযোগ রয়েছে। লামা কেন্দ্রীয় শ্মশান পরিচালনা কমিটির সভাপতি অলক কান্তি চৌধুরী ও সাধারণ সম্পাদক বাসু কর্মকার বলেন, “আমরা ছোটবেলা থেকেই এলাকার বয়োজ্যেষ্ঠদের কাছে শুনে আসছি, প্রায় ১০০ বছর আগে এই শ্মশানটি প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিবছরই ভাঙনের শিকার হচ্ছে এটি। ভাঙতে ভাঙতে ৪০ শতক জায়গার মধ্যে এখন প্রায় ১৫ শতক জায়গা অবশিষ্ট আছে।” তারা আরও বলেন, “আগামী বর্ষার আগেই শ্মশানের উত্তর ও পূর্ব পাশে প্রায় ২০০ ফুট রিটার্নিং ওয়াল নির্মাণ করা জরুরি হয়ে পড়েছে। তা না হলে আগামী বর্ষায় অবশিষ্ট অংশটুকুও নদী ও ঝিরিতে বিলীন হয়ে যেতে পারে। পাশাপাশি বাউন্ডারি ওয়াল, লাইটিং ব্যবস্থা ও একটি লাশঘর নির্মাণ করা প্রয়োজন।” লামা বাজারের ছোট নুনারবিল পাড়ার বাসিন্দা খগেশ প্রতি চন্দ্র খোকন বলেন, “আমাদের পূর্বপুরুষদের স্মৃতি জড়িয়ে আছে এই শ্মশানের সঙ্গে। এখানে আমাদের ধর্মীয় রীতি মেনে শেষকৃত্য সম্পন্ন করা হয়। এখন সেটিই হারানোর পথে। স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি জানলেও কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। দ্রুত শ্মশানটি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।” প্রবীণ সনাতন ধর্মাবলম্বী অমর কান্তি চৌধুরী বলেন, “জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া না হলে শুধু শ্মশান নয়, আশপাশের বসতবাড়িও হুমকির মুখে পড়বে। তাই দেরি না করে দ্রুত স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া প্রয়োজন।” এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মো. মঈন উদ্দিন বলেন, “লামা কেন্দ্রীয় শ্মশান ঝিরিতে বিলীনের বিষয়ে কেউ আমাকে জানায়নি। তবে পৌর প্রকৌশলীর মাধ্যমে বিষয়টি বিস্তারিত জেনে শ্মশানের ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost