চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার মোল্লা প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন। কারাগারে বন্দি থাকা অবস্থায় মায়ের মৃত্যুর খবর পেয়ে শেষবারের মতো মাকে দেখতে ও জানাজায় অংশ নিতে তিনি প্যারোলে মুক্তি পান। রোববার সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে পুলিশ পাহারায় নিজ গ্রাম হাতিকাটায় নেওয়া হয় তাকে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর দেড়টার দিকে মনোয়ার মোল্লার মা আরিছন নেছা (৮০) বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে মারা যান। মায়ের মৃত্যুর খবর কারাগারে থাকা মনোয়ার মোল্লার কাছে পৌঁছালে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরে বাবার প্যারোলে মুক্তির জন্য চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বরাবর আবেদন করেন মনোয়ার মোল্লার ছেলে রিয়াজ মোল্লা। আবেদনের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যার দিকে মনোয়ার মোল্লাকে সাময়িক সময়ের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। কড়া পুলিশ পাহারায় তাকে হাতিকাটা গ্রামের বাড়িতে নেওয়া হলে সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। পরে সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় হাতিকাটা মোড়ে আরিছন নেছার জানাজা অনুষ্ঠিত হয়। পুলিশ পাহারায় থেকেই মনোয়ার মোল্লা মায়ের জানাজায় অংশ নেন এবং শেষবারের মতো মাকে বিদায় জানান।
জানাজা শেষে হাতিকাটা খেয়াঘাটপাড়ার পারিবারিক গোরস্থানে আরিছন নেছার দাফন সম্পন্ন হয়। দাফন শেষে পুলিশ পাহারায় মনোয়ার মোল্লাকে পুনরায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেওয়া হয়।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ হাতিকাটা মোড় থেকে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় মনোয়ার মোল্লাকে গ্রেপ্তার করে। এরপর আদালতের নির্দেশে তিনি কারাগারে ছিলেন।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply