মিড-ডে মিলের পুষ্টিকর খাবারে বিদ্যালয়মুখী হচ্ছে শিশুরা। টিফিনের সময়ে খাবারের নিশ্চয়তা পাওয়ায় লালমনিরহাটের পাটগ্রাম ও কালীগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি। গত বছরের ১ ডিসেম্বর চালু হওয়া স্কুল ফিডিং কর্মসূচি একদিকে শিশুদের পুষ্টির চাহিদা পূরণ করছে, অন্যদিকে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে। গত বছরের ১ ডিসেম্বর থেকে পাটগ্রাম ও কালীগঞ্জ উপজেলায় এ কর্মসূচি চালু রয়েছে। পাটগ্রামের ১৪৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ হাজার ৩৫৬ জন এবং কালীগঞ্জের ১৬২টি বিদ্যালয়ের ২২ হাজার ৪৪ জন শিক্ষার্থী এ কর্মসূচির আওতায় খাবার পাচ্ছে।
সপ্তাহে পাঁচ দিন শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে বনরুটি, কলা, ডিম, দুধ ও ফর্টিফাইড বিস্কুট। পুষ্টিকর এসব খাবার শিশুদের খাদ্যচাহিদা পূরণের পাশাপাশি ক্ষুধার কারণে শ্রেণিকক্ষে তৈরি হওয়া অস্বস্তি কমিয়ে পড়াশোনায় মনোযোগ বাড়াতে সহায়তা করছে।
সংশ্লিষ্টরা বলছেন, কর্মসূচিটির অন্যতম লক্ষ্য হলো শিশুদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, ঝরে পড়ার হার কমানো এবং প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করা। বিদ্যালয়ে এক বেলা পুষ্টিকর খাবারের নিশ্চয়তা পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে স্কুলে আসার আগ্রহও বাড়ছে।
কালীগঞ্জ উপজেলার পণ্ডিতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আম্বিয়া খাতুন বলেন, আগে অনেক শিশুকে ক্ষুধার্ত অবস্থায় ক্লাস করতে হতো। দীর্ঘ সময় না খেয়ে থাকায় বিদ্যালয়ে উপস্থিতির প্রতি তাদের অনীহা তৈরি হতো। এখন তাজা রুটি, কলা, ডিম, দুধ ও বিস্কুটের ব্যবস্থা থাকায় শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে। ক্ষুধাজনিত ক্লান্তি কমায় শ্রেণিকক্ষেও তাদের মনোযোগ বেড়েছে।
জেলায় প্রকল্পটির কারিগরি ও সরবরাহ ব্যবস্থাপনায় কাজ করছে ইকো সোশাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ইএসডিএফ)। প্রতিষ্ঠানটির স্কুল ফিডিং প্রকল্পের জেনারেল ম্যানেজার আশিক আহমেদ জেবাল বলেন, সরকারের এই প্রকল্পকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। সঠিক মানের খাবার শিশুদের কাছে পৌঁছানো নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হচ্ছে।
পাটগ্রামের মুন্সীটারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান বলে, “মিড-ডে মিলে নিয়মিত রুটি, কলা, ডিম, দুধ ও বিস্কুট পাচ্ছি। আগে ক্ষুধা লাগলে ক্লাস করতে কষ্ট হতো। এখন পেট ভরা থাকে, তাই সবগুলো ক্লাস মনোযোগ দিয়ে করতে পারি।”
একই বিদ্যালয়ের আরেক শিক্ষার্থী বলে, “স্কুলে খাবার পাওয়ায় প্রতিদিন বিদ্যালয়ে আসতে ভালো লাগে। রুটি, ডিম, কলা ও দুধ খেতে খুব ভালো লাগে। আগে ক্লাসে অনেক সময় ক্ষুধা লাগত, এখন খাবার পাওয়ায় সেই কষ্ট হয় না।”
আল মদিনা বেকারি অ্যান্ড কনফেকশনারি দুই উপজেলার বিদ্যালয়গুলোতে বনরুটি সরবরাহ করছে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী খলিলুর রহমান জানান, বনরুটির গুণগত মান নিশ্চিত করতে তাদের বেকারিতে নিজস্ব ফুড টেকনোলজিস্ট ও ল্যাবরেটরি রয়েছে। প্রতিদিন রুটির মান পরীক্ষা করে নিশ্চিত হওয়ার পর তা বিদ্যালয়ে সরবরাহ করা হচ্ছে।
পাটগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ সরকার বলেন, “ক্লাসের বিরতিতে এক বেলা পুষ্টিকর খাবারের নিশ্চয়তা পাওয়ায় প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পাটগ্রামে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী হওয়ার প্রবণতা বেড়েছে। বিগত বছরের তুলনায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিতির হারও বেশ ইতিবাচক। খাবারের তালিকায় বনরুটি, কলা ও ডিম যুক্ত হওয়ায় শিক্ষার্থীদের আগ্রহ বাড়ার পাশাপাশি তাদের পুষ্টি নিশ্চিত করতেও সহায়ক ভূমিকা রাখছে।”
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply