
দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন একটি ছাত্রীনিবাসের (মেস) তৃতীয় তলার কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মৃত ছাত্রীর নাম সিনথিয়া আক্তার। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২১ ব্যাচের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়সংলগ্ন ফজিলা ছাত্রীনিবাসের তৃতীয় তলার একটি কক্ষে থাকতেন তিনি। তাঁর বাড়ি গাজীপুর জেলায়।সহপাঠী ও মেসের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টা পর্যন্ত অন্যদের সঙ্গে স্বাভাবিকভাবে গল্প ও আড্ডা দিয়েছেন সিনথিয়া। আজ সকালে পাশের কয়েকটি কক্ষের শিক্ষার্থীরা তাঁকে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি। তবে বিষয়টি তখন গুরুত্ব দিয়ে দেখেননি তাঁরা। ক্যাম্পাস বন্ধ থাকায় দিনভর সিনথিয়ার সঙ্গে কারও দেখা বা কথা হয়নি। সন্ধ্যায় মেসের ভাড়াসংক্রান্ত একটি মিটিংয়ে অংশ নিতে তাঁকে ডাকতে গিয়ে আবার কোনো সাড়া পাওয়া যায়নি। পরে বিষয়টি মেসমালিককে জানানো হয়। এরপর দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় সিনথিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পান ছাত্রীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবুল কালাম বলেন, ‘সন্ধ্যা সাতটার দিকে জানতে পারি, একটি মেসে একজন শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। পরে প্রোভিসিসহ কয়েকজন শিক্ষক ঘটনাস্থলে যাই। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা আইনগত ব্যবস্থা নিচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও বিষয়টি খতিয়ে দেখবে।’ দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী বলেন, ‘একজন ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ছাত্রীর স্বজন বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো অভিযোগ পেলে অধিকতর তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply