
খাগড়াছড়ির রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারাত্মক তীব্র অপুষ্টিতে আক্রান্ত (Severe Acute Malnutrition—SAM) শিশুদের চিকিৎসা ও পুষ্টি ব্যবস্থাপনা কার্যক্রম আরও কার্যকর ও মানসম্মত করতে স্যাম ইউনিটের জন্য প্রয়োজনীয় লজিস্টিকস ও চিকিৎসা উপকরণ হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপকরণ হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.বি.এম. মোজাম্মেল হক, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মাহামুদুল হাসান এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ হাফিজ উদ্দিন। এ সময় রামগড় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নিজাম উদ্দিন লাভলু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড ইনচার্জ চুরাপ্রু মারমা, হেলেন কেলার ইন্টারন্যাশনালের খাগড়াছড়ি প্রতিনিধি ও সিনিয়র অফিসার (নিউট্রিশন) রিমি চাকমা, জাবারাং কল্যাণ সমিতির প্রকল্প সমন্বয়কারী বিনোদন ত্রিপুরা, উপজেলা সমন্বয়কারী সাহলাপ্রু মারমা, প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিকস অফিসার জোনাকি ত্রিপুরাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম স্যাম ইউনিটের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও উপকরণ সরবরাহ করায় হেলেন কেলার ইন্টারন্যাশনাল ও জাবারাং কল্যাণ সমিতিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এ ধরনের সহায়তা রামগড় উপজেলার শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি ব্যবস্থাপনা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি অপুষ্টিজনিত ঝুঁকি মোকাবিলায় স্থানীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হস্তান্তর করা উপকরণগুলোর যথাযথ ব্যবহার, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠান শেষে তিনি নবগঠিত স্যাম ইউনিট পরিদর্শন করেন এবং শিশুদের চিকিৎসা ও পুষ্টি ব্যবস্থাপনায় নেওয়া কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি ইউনিটের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং শিশু অপুষ্টি প্রতিরোধ ও ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply