1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 9, 2026, 7:24 am

৬১ বছর পরও পরিবারের সন্ধানে বাবুল, স্মৃতিতে শুধু বাবা-মায়ের নাম

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
  • 60 Time View

শৈশবে খেলতে গিয়ে ট্রেনে উঠে হারিয়ে গিয়েছিলেন বাবুল মিয়া। এরপর কেটে গেছে ছয় দশকেরও বেশি সময়। জীবনের দীর্ঘ পথ পেরিয়ে নিজের সংসার হলেও এখনো বাবা-মায়ের সন্ধান পাননি তিনি। বর্তমানে গাজীপুরের কালীগঞ্জে বসবাস করা ষাটোর্ধ্ব এই ব্যক্তি জীবনের শেষ বয়সে এসে বাবা-মা ও স্বজনদের খুঁজছেন। বাবুল মিয়ার বর্তমান নাম ফরিদ মিয়া। জাতীয় পরিচয়পত্রে তার নাম বাবুল মিয়া। তিনি জানান, ছোটোবেলায় পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর আর কখনো নিজের বাড়িতে ফিরতে পারেননি। বাবুল মিয়ার স্মৃতি অনুযায়ী, আনুমানিক ১৯৮০ কিংবা ১৯৮১ সালের দিকে তিনি হারিয়ে যান। তখন তিনি শিশু। বয়স হবে আনুমানিক ৪/৫ বছর। পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের মধ্যবর্তী কোনো একটি রেলস্টেশনের আশপাশে তাদের বাড়ি ছিল বলে মনে করেন তিনি। নানির বাড়িও ছিল একটি রেলস্টেশনের কাছে। খেলতে খেলতে একদিন ভুল করে তিনি একটি ট্রেনে উঠে পড়েন। পরে অপরিচিত দুই ব্যক্তির সঙ্গে ঢাকায় চলে আসেন। একপর্যায়ে ওই ব্যক্তিরা তাকে রেখে চলে যান। নিজের বাড়ির ঠিকানা বা পরিবারের কাছে ফিরে যাওয়ার মতো তথ্য তখন কাউকে বলতে পারেনি। বাবুলের ভাষ্য অনুযায়ী, এরপর প্রায় দুই বছর ঢাকার ফুটপাত ও রাস্তাঘাটে তার জীবন কাটে। পরে এক ব্যক্তি তাকে নিয়ে যান ফরিদপুরে। সেখানেই ধীরে ধীরে তার বেড়ে ওঠা। ফরিদপুরে থাকার সময় তার বিয়ে হয় এবং সেখানকার ঠিকানায় জাতীয় পরিচয়পত্র তৈরি করেন। পরবর্তী সময়ে কিছুদিন পটুয়াখালীতে ছিলেন। প্রায় ১৫ থেকে ২০ বছর আগে জীবিকার প্রয়োজনে তিনি গাজীপুরের কালীগঞ্জে চলে আসেন। বর্তমানে কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও গ্রামে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করছেন বাবুল মিয়া। জীবিকার জন্য অটোরিকশা চালান তিনি। তবে নিজের বর্তমান জীবনের পাশাপাশি তার মনে রয়ে গেছে একটি প্রশ্ন, তার জন্মপরিবার কোথায়? বাবুল মিয়া শুধু তার বাবা ও মায়ের নামই মনে করতে পারেন। তার বাবা মুকাদ্দেস এবং মা বানেছা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাবা-মায়ের নাম ভুলে যাননি তিনি। বাবুল মিয়া শৈশবের বাড়ির অবস্থান সম্পর্কে শুধু পঞ্চগড়-ঠাকুরগাঁও এলাকার কোনো রেলস্টেশনের আশপাশে হতে পারে বলে জানান। পঞ্চগড়ের পরবর্তী কোনো স্টেশন, কিসমত কিংবা ঠাকুরগাঁও স্টেশনের আশপাশের এলাকা হতে পারে বলে তিনি মনে করেন। তবে এসব বিষয়ে তিনি নিশ্চিত নন। বাবুলের ডান হাতের পিঠে রয়েছে সাদা দাগ শ্বেতি বা ভিটিলিগোর চিহ্ন। দীর্ঘ সময় পর তার পরিচয় শনাক্তের ক্ষেত্রে এটিও একটি শারীরিক বৈশিষ্ট্য হিসেবে কাজে আসতে পারে। সম্প্রতি কালীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ে কর্মরত আহসান হাবীব সাজুর সঙ্গে তার পরিচয় হয়। কথোপকথনের একপর্যায়ে বাবুল তার হারিয়ে যাওয়া পরিবারের কথা জানান এবং স্বজনদের খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষার কথা বলেন। বাবুলের পরিবারের সন্ধানের বিষয়টি মানুষের কাছে পৌঁছে দিতে আহসান হাবীব সাজু সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন এবং তার বক্তব্যের ভিডিও প্রকাশ করেন। এরপর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এখন বাবুল মিয়ার পরিবারের সন্ধানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে রয়েছে তার বাবা-মায়ের নাম, শৈশবের কিছু অস্পষ্ট স্মৃতি, পঞ্চগড়-ঠাকুরগাঁও অঞ্চলের কোনো রেলস্টেশনের আশপাশে বাড়ি থাকার তথ্য এবং ডান হাতের পিঠের সাদা দাগ।পঞ্চগড়, ঠাকুরগাঁও কিংবা আশপাশের এলাকায় মুকাদ্দেস ও বানেছা দম্পতির বাবুল নামে কোনো সন্তান ছিল কি না— এমন তথ্য কারও জানা থাকলে তা বাবুল মিয়ার পরিবারের সন্ধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ছয় দশকের বেশি সময় পরও পরিবারের সন্ধান করছেন বাবুল। তার প্রত্যাশা, পুরোনো স্মৃতি কিংবা তথ্য হয়ত তাকে তার পিতৃপরিচয় ফিরিয়ে দিতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost