
দেশের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করা এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির যেকোনো অপচেষ্টার প্রতিবাদে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে হিলি বাজারস্থ বিএনপি কার্যালয়ের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়। হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি হিলি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এরপর সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্র এবং অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তারা। তারা আরও বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করার কোনো অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। জনগণের অধিকার রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে থাকবে। এ সময় হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply