1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 9, 2026, 6:49 am

বেতাগীতে স্কুলছাত্রীকে মারধর, দাঁত ভাঙার অভিযোগে গ্রেপ্তার ২

বরগুনা প্রতিনিধি
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
  • 55 Time View

বরগুনার বেতাগীতে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে বিদ্যালয় প্রাঙ্গণে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে ফয়সাল মৃধা (২৩) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে বেতাগী থানায় তিনজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। মামলার দুই ও তিন নম্বর আসামি—ফয়সালের মা ও ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রধান আসামি ফয়সালকে গ্রেপ্তারে অভিযান চলছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আহত ছাত্রীকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, কয়েক দিন আগে ওই ছাত্রী বিদ্যালয়ের ওয়াশরুমে গেলে ফয়সাল সেখানে উঁকি দেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি টের পেয়ে ছাত্রীটি ঘটনাটি স্বজনদের জানায়। পরে বিষয়টি জানাজানি হলে ফয়সাল তাকে মারধরের হুমকি দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীর মা। এ কারণে ঘটনার দিন সকালে মেয়েকে বিদ্যালয়ে পাঠাননি তিনি। পরে এক শিক্ষক তাকে বিদ্যালয়ে নিয়ে যান। বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার সময় বিদ্যালয় প্রাঙ্গণে ফয়সাল ওই ছাত্রীর পথরোধ করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য হাত ধরে টানাটানি করেন। ছাত্রীটি রাজি না হলে তাকে চড়, লাথিসহ মারধর করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এতে তার মুখের সামনের তিনটি দাঁত ভেঙে যায় এবং আরও দুটি দাঁত ক্ষতিগ্রস্ত হয়। ভুক্তভোগী ছাত্রীর মা বলেন, ফয়সালের ভয়ে তিনি মেয়েকে সকালে বাড়িতে রেখেছিলেন। পরে একজন শিক্ষক এসে তাকে বিদ্যালয়ে নিয়ে যান। স্কুল ছুটির পর ফয়সাল মেয়েকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য হাত ধরে টানাটানি করেন। রাজি না হওয়ায় তাকে মারধর করেন। একপর্যায়ে মুখে লাথি দেওয়ায় মেয়ের দাঁত ভেঙে যায়। গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ননী গোপাল মালাকার বলেন, ফয়সালের বাড়ি বিদ্যালয়ের কাছাকাছি। বিদ্যালয় চলাকালে তাকে কয়েকবার লাঠি হাতে আশপাশে ঘোরাঘুরি করতে দেখা গেলেও বিষয়টি তারা বুঝতে পারেননি। ছুটির পর বিদ্যালয়ের বাউন্ডারির মধ্যে ওই ছাত্রীকে মারধর করা হয়। পরে তারা পুলিশকে খবর দেন। বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বলেন, ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেছেন। মামলার দুই ও তিন নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামি ফয়সালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে, ভুক্তভোগী পরিবারের অভিযোগের বিষয়ে অভিযুক্ত ফয়সাল মৃধার বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost