
মেহেরপুরের গাংনী উপজেলার চর গোয়াল গ্রামের সরদারপাড়ায় একটি বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সরদারপাড়ার সোনালী বাংলা ক্লাবের পাশে সাদবকের বড়ার দোকানের বেঞ্চের ওপর স্থানীয়রা বোমা সদৃশ বস্তু ও একটি চিরকুট পড়ে থাকতে দেখেন। পরে খবর ছড়িয়ে পড়লে সেখানে লোকজন জড়ো হয় এবং আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বোমা সদৃশ বস্তু ও চিরকুটটি উদ্ধার করে।স্থানীয় সূত্র জানায়, উদ্ধার হওয়া চিরকুটে কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করে বিভিন্ন অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে টাকা না দিলে আরও ঘটনা ঘটানোর হুমকি দেওয়া হয়েছে। চিরকুটে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা রয়েছে। চিরকুটে কয়েকজনকে উদ্দেশ করে আপত্তিকর ভাষায় অভিযোগের পাশাপাশি টাকা না দিলে ‘এটি একটি নমুনা মাত্র’ বলে হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ বোমা সদৃশ বস্তু ও চিরকুটটি উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’ তবে উদ্ধার হওয়া বস্তুটি প্রকৃতপক্ষে বোমা কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply