
জ্বালানি তেলের দাম বাড়ার খবর ছড়িয়ে পড়ার পর চুয়াডাঙ্গায় অধিকাংশ ফিলিং স্টেশনে তেল বিক্রি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১১টার পর বিভিন্ন গণমাধ্যমে দাম বাড়ার সংবাদ প্রকাশিত হলে শহর ও জেলার বিভিন্ন উপজেলা শহরের একাধিক ফিলিং স্টেশনে তেল বিক্রি বন্ধ হয়ে যায়। এতে রাতের বেলায় তেল নিতে আসা মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকেরা ভোগান্তিতে পড়েন। চুয়াডাঙ্গা শহরের মোজাম্মেল হক ফিলিং স্টেশন, জোয়ার্দার পেট্রোলিয়াম, দৌলতদিয়ার এলাকার দুটি ফিলিং স্টেশনসহ শহর ও জেলার বিভিন্ন উপজেলা শহরের একাধিক পাম্পে তেল বিক্রি বন্ধ থাকার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় গ্রাহকদের অভিযোগ, নতুন মূল্য রাত ১২টা থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও বেশ কয়েকটি পাম্পে পর্যাপ্ত তেল মজুত ছিল। দাম বাড়ার পর বেশি দামে বিক্রির আশায় মজুত থাকা তেল বিক্রি না করে পাম্প বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের।
রোববার রাত ১১টার পর শহরের মোজাম্মেল হক ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, পাম্পটি কার্যত বন্ধ রয়েছে। মিটার চালু থাকলেও গ্রাহকদের তেল দেয়া হচ্ছিল না। কয়েকজন কর্মচারী সেখানে অবস্থান করছিলেন। তেল নিতে এসে কয়েকজন গ্রাহক অপেক্ষা করেও তেল না পেয়ে ফিরে যান। তেল নিতে আসা রাজীব নামে এক গ্রাহক বলেন, “শহরের তিনটি পাম্প ঘুরে এখানে এসেছি। এখানেও তেল নেই। মোটরসাইকেলে তেল না থাকায় বাড়ি যাওয়া অসম্ভব হয়ে পড়েছে।” রহমান নামে আরেক গ্রাহক বলেন, “এর আগে দুটি পাম্পে গিয়েছি, সেখানেও তেল পাইনি। রাত ১১টার পর সাধারণত পাম্পগুলো খোলা থাকে। কিন্তু আজ সব বন্ধ দেখছি। তেলের দাম বাড়ার খবর ছড়িয়ে পড়ার পরই পাম্পগুলো বন্ধ হয়েছে।” সজীব নামে এক গ্রাহক বলেন, “তেলের দাম বেড়েছে—এমন খবর আপনাদের কাছ থেকেই জানলাম। প্রতিদিন এই পাম্প থেকে এই সময় তেল নিই। কিন্তু আজ পাম্প বন্ধ। আমার ধারণা, দাম বাড়ার খবর শুনে হয়তো তেল মজুত করে রাখা হয়েছে এবং রাত ১২টার পর বেশি দামে বিক্রি করা হবে।” এদিকে নতুন মূল্য অনুযায়ী, কেরোসিনের দাম লিটারপ্রতি ১৩৫ টাকা থেকে ১৫৫ টাকা, পেট্রলের দাম ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং অকটেনের দাম ১৪৫ টাকা থেকে ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য রাত ১২টা থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। জ্বালানি বিভাগ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণের বেশি বৃদ্ধি পেলেও জনস্বার্থ বিবেচনায় সরকার দীর্ঘ সময় দেশে মূল্যবৃদ্ধি করেনি বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। তবে দাম বাড়ার আগে পাম্প বন্ধ করে দেওয়া এবং মজুত তেল নতুন দামে বিক্রির অভিযোগের বিষয়ে কোনো ফিলিং স্টেশন কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম. তারিক-উজ-জামান বলেন, “তেলের দাম বাড়ার খবর শুনে যদি কোনো পাম্প বন্ধ থাকে, অবশ্যই এ বিষয়ে আমরা খোঁজখবর নেব এবং বিষয়টি দেখব।” রাতের বেলায় হঠাৎ করে একাধিক ফিলিং স্টেশনে তেল বিক্রি বন্ধ হয়ে যাওয়ায় চুয়াডাঙ্গা শহরসহ জেলার বিভিন্ন এলাকার যানবাহনের চালকদের মধ্যে ভোগান্তি ও ক্ষোভ দেখা দিয়েছে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply