
মিয়ানমারে পাচারের আগেই বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে ট্রাকভর্তি বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করেছে বিজিবি। রোববার রাতে কাস্টমস মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের এসব ওষুধ জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, রোববার (২০ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর তুমব্রু বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্তবর্তী কাস্টমস মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা ট্রাকটি থামিয়ে তল্লাশি করেন। তল্লাশির একপর্যায়ে ট্রাক থেকে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করা হয়। একই সঙ্গে এসব ওষুধ পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—কক্সবাজারের টেকনাফ উপজেলার পুরাতন পল্লান পাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে মো. হারুন মিয়া (২৬), বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার উত্তর ঘুমধুম বড়ুয়া পাড়া গ্রামের বিপন বড়ুয়ার ছেলে জিদান বড়ুয়া (১৮) এবং কক্সবাজারের উখিয়া উপজেলার টিএনটি এলাকার মো. জয়নালের ছেলে মো. আকছার।বিজিবির প্রাথমিক ধারণা, জব্দ করা ওষুধগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। তবে তদন্ত ও যাচাই-বাছাই শেষে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের অবৈধ পণ্য পাচার হতে না পারে, সে জন্য বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা ওষুধ ও অন্যান্য মালামালের তালিকা প্রস্তুত এবং যাচাই-বাছাইয়ের পর তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply