
চুয়াডাঙ্গা জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। গত ১৬ মার্চ চুয়াডাঙ্গার ৩১তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে কাজ করেন মোহাম্মদ রুহুল কবীর খান। সম্প্রতি তাঁকে চুয়াডাঙ্গা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে। বিদায় সংবর্ধনায় সহকর্মীরা তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁকে মানবিক, সৎ, মেধাবী, চৌকস, পরিশ্রমী ও দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে উল্লেখ করেন তারা। 
বিদায়ী বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান চুয়াডাঙ্গার নাগরিক, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং জেলা পুলিশের সব সদস্যের প্রতি আন্তরিক সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, চুয়াডাঙ্গায় দায়িত্ব পালন তাঁর কর্মজীবনের একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আন্তরিকতা ও সহযোগিতা তাঁকে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করেছে। তিনি নবাগত পুলিশ সুপারকে দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ্, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) মো. সোয়েব আহমেদ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) হিমন বিশ্বাসসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, আরআই, টিআই এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply