
দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাফিজুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে এসআরবি-১৩-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার হাফিজুল ইসলাম ঝালকাঠীর রাজাপুর উপজেলার আরুয়া সোনারগাঁও গ্রামের ইব্রাহিম হাওলাদারের ছেলে।বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে এসআরবি-১৩-এর সিপিসি-১, দিনাজপুরের একটি আভিযানিক দল ঘোড়াঘাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাহেবগঞ্জ মাজারপাড়া এলাকায় শাহ ইসমাইল গাজী (রহ.) মাজার জামে মসজিদের সামনে গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কে চেকপোস্ট বসায়।চেকপোস্টে তল্লাশির সময় হাফিজুল ইসলামের কাছ থেকে ১ হাজার ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৩ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। জব্দ করা ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে। এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এসআরবি-১৩-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply