
“বাংলাদেশ মহিলা পরিষদকে সংহত করি, নারী আন্দোলন অগ্রসর করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর বেলাবোতে বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক মাস ২০২৬ উপলক্ষে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের অংশ হিসেবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বেলাবো মহিলা পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় তরুণ প্রজন্মের চাহিদা ও সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে তরুণ-তরুণীদের সঙ্গে মতবিনিময় করা হয়। বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সদস্য আফরোজা আক্তারের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন শাখার প্রোগ্রাম এক্সিকিউটিভ আশিষ কুমার শীল। সভায় উপস্থিত ছিলেন বেলাবো সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা, লিগ্যাল এইড সম্পাদক রোকসানা আক্তার, পরিবেশবিষয়ক সম্পাদক ফাতেমা বেগম, প্রচার সম্পাদক শাহিনুর আক্তারসহ বিভিন্ন শাখার তরুণ-তরুণী ও সদস্যরা। সভায় মোট ৩৮ জন অংশগ্রহণ করেন। সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা। পরে বক্তব্য দেন লিগ্যাল এইড সম্পাদক রোকসানা আক্তার, পরিবেশবিষয়ক সম্পাদক ফাতেমা বেগম, প্রচার সম্পাদক শাহিনুর আক্তার এবং তরুণী সদস্য আকিদা, তুবা ও ইফা। বক্তারা বলেন, নারী অধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ-তরুণীদের সংগঠিত করে নারী আন্দোলনকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তারা। সভায় উপস্থিত তরুণ-তরুণীরা নারী অধিকার, সামাজিক সচেতনতা ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply