
চুয়াডাঙ্গার দর্শনায় কাজী ফার্মস লিমিটেডের ভুট্টা ক্রয়কেন্দ্র থেকে ভোলার উদ্দেশে পাঠানো প্রায় ৯ লাখ টাকা মূল্যের ২১ হাজার ৬৬০ কেজি ভুট্টা গন্তব্যে পৌঁছানোর আগেই উধাও হওয়ার ঘটনায় তিন দিন পর তা উদ্ধার করেছে পুলিশ। আলমডাঙ্গা পুরাতন বাজারের একটি গোডাউন থেকে ট্রাকভর্তি ভুট্টা উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকের হেলপার আল-আমিন হোসেন ওরফে সিয়ামকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ট্রাকচালক মহিবুল ইসলাম পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় দর্শনা থানায় চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা করেছেন কাজী ফার্মসের সংশ্লিষ্ট কর্মকর্তা ইকবাল কবীর জাহিদ। পুলিশ জানায়, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলামের নেতৃত্বে এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে আলমডাঙ্গা থানা পুলিশের সহযোগিতায় শনিবার আলমডাঙ্গা পুরাতন বাজারের সুশীল কুমার ভৌতিক ওরফে বিপুল সাহার (৭০) গোডাউনে অভিযান চালান। সেখান থেকে ৩৯৬ বস্তা ভুট্টা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ভুট্টার পরিমাণ ২১ হাজার ৬৬০ কেজি। এসআই সাইফুল ইসলাম জানান, উদ্ধার করা ভুট্টা কাজী ফার্মসের বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। মামলায় গ্রেপ্তার আল-আমিনকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট থেকে পর্যায়ক্রমে ভোলার ঘোষঘাটে অবস্থিত কাজী ফার্মসের ইউনিটে ভুট্টা পাঠানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় গত ১০ সেপ্টেম্বর দর্শনার সিঅ্যান্ডএফ ব্যবসায়ী রফিকুল ইসলামের মালিকানাধীন ট্রাক (রেজিস্ট্রেশন নম্বর—যশোর-ট-১১-৩৫৩৪) ভাড়া করা হয়। ট্রাকটির চালক ছিলেন দর্শনা পারকৃষ্ণপুরের আশরাফ হোসেনের ছেলে মহিবুল ইসলাম (৩৫) এবং হেলপার একই গ্রামের আলফাজ হোসেনের ছেলে আল-আমিন হোসেন ওরফে সিয়াম। ট্রাকে ২১ হাজার ৬৯০ কেজি ভুট্টা তোলা হয়, যার বাজারমূল্য প্রায় ৮ লাখ ৬৮ হাজার টাকা। ১০ সেপ্টেম্বর রাতে ভোলার উদ্দেশে ট্রাকটি রওনা হওয়ার কথা থাকলেও চালক তিন দিন ভুট্টাভর্তি ট্রাকটি রামনগর মোড়ে রেখে দেন। পরে ১৩ সেপ্টেম্বর সকালে হেলপারকে রেখে চালক একাই ট্রাক নিয়ে ভোলার উদ্দেশে রওনা হন বলে ১৬ সেপ্টেম্বর থানায় দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করা হয়। নির্ধারিত সময় পার হয়ে গেলেও ভুট্টা ভোলায় না পৌঁছানো এবং চালক মহিবুলের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় সন্দেহের সৃষ্টি হয়। পরে অভিযোগকারী ইকবাল কবীর জাহিদ ট্রাকমালিক রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন। ট্রাকমালিকের ম্যানেজার তাকে জানান, চালক মহিবুল ১৪ সেপ্টেম্বরই তাদের কাছে ফিরে এসে গাড়িভাড়ার হিসাব বুঝিয়ে দিয়ে চলে গেছেন। অভিযোগকারী জাহিদের দাবি, ১৩ সেপ্টেম্বর দর্শনা থেকে রওনা হয়ে একদিনের মধ্যে ভোলায় মালামাল নামিয়ে আবার দর্শনায় ফিরে এসে গাড়ির হিসাব বুঝিয়ে দেওয়া বাস্তবে সম্ভব নয়। তার অভিযোগ, চালক ও তার সহযোগীরা অসৎ উদ্দেশ্যে ভুট্টা নির্ধারিত গন্তব্যে না নিয়ে পথে বিক্রি করে দিয়েছেন। তবে চালক মহিবুল ইসলাম মুঠোফোনে দাবি করেন, ভুট্টা চুরি বা বিক্রির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। ট্রাকমালিক রফিকুল ইসলাম ষড়যন্ত্রমূলকভাবে তাকে ফাঁসানোর চেষ্টা করছেন। অন্যদিকে ট্রাকমালিক রফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, এ ঘটনার দায় চালক মহিবুলের। তার দাবি, মহিবুল জাহিদের কাছ থেকে গাড়িভাড়া বুঝে নিয়ে ম্যানেজারের কাছে হিসাব দিয়ে আত্মগোপনে রয়েছেন। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ভুট্টা ও ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত চলছে। মামলার অপর আসামি চালক মহিবুল ইসলামকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply