
চুয়াডাঙ্গার জীবননগরে যাত্রীবাহী পূর্বাশা পরিবহনের একটি বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আহরণ (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-ঠিকানা জানা যায়নি। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জীবননগর-দত্তনগর সড়কের পাথিলা ঈদগাহের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহরণ ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজীরবেড় গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। তাঁর ছেলে আসিফ (২২) গুরুতর আহত হওয়ায় তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যশোরে রেফার করা হয়েছে। আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয়রা জানান, দত্তনগর থেকে পূর্বাশা পরিবহনের একটি বাস জীবননগরের দিকে আসছিল। অপরদিকে জীবননগর থেকে একটি ইজিবাইক দত্তনগরের দিকে যাচ্ছিল। ইজিবাইকটি পাথিলা ঈদগাহের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের যাত্রী আহরণ ঘটনাস্থলেই নিহত হন। এ সময় ইজিবাইকে থাকা আরও কয়েকজন গুরুতর আহত হন। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply