
চুয়াডাঙ্গায় বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষিকাকে মারধরের ঘটনায় দায়ের করা মামলার দ্বিতীয় আসামি মিতালী খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার মিতালী খাতুন ফার্মপাড়া এলাকার সামসউর রহমান শুভর স্ত্রী। মামলা সূত্রে জানা গেছে, বুধবার সকালে ফার্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাবেশ চলাকালে কানে হাত দেওয়ায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে শাসন করেন প্রধান শিক্ষিকা কাবেরী করিম। বিষয়টি জানতে পেরে দুপুরে ওই ছাত্রীর বাবা সামসউর রহমান শুভ ও মা মিতালী খাতুন বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষিকার কক্ষে প্রবেশ করেন। এ সময় ছাত্রীকে শাসনের ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে শুভ প্রধান শিক্ষিকাকে মারধর করেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে বুধবার রাতেই প্রধান শিক্ষিকা কাবেরী করিম বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মামলার দ্বিতীয় আসামি মিতালী খাতুনকে গ্রেফতার করা হয়েছে। তবে প্রধান আসামি সামসউর রহমান শুভ পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply