
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মুরগিবোঝাই পাখিভ্যান উল্টে আলমগীর হোসেন (৩২) নামের এক পোল্ট্রি মুরগি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার শিতলী ক্যানালের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন দৌলতপুর ইউনিয়নের রামচন্দ্রপুর (কাদিখালি) গ্রামের শহীদুল ইসলামের ছেলে। তিনি ব্যাটারিচালিত পাখিভ্যানে করে গ্রামে গ্রামে পোল্ট্রি মুরগির বাচ্চা বিক্রি করতেন। আলমগীরের পরিবারে ছোট দুই ভাই, স্ত্রী ও দুই সন্তান রয়েছে। পুলিশ ও স্থানীয়রা খবরের কাগজকে বলেন, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে ভ্যান নিয়ে শাখারীদহ বাজারে মুরগির বাচ্চা কিনতে এসেছিলেন আলমগীর হোসেন। পথে শিতলী ক্যানালের ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানসহ ক্যানেলে পড়ে যায় আলমগীর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদ এমরান তন্বী খবরের কাগজকে জানান, হাসপাতালে আসার আগেই আলমগীরের মৃত্যু হয়েছে। হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) অসিত কুমার রায় ভ্যান উল্টে পোল্ট্রি ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply