
পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বিএনপির মানববন্ধন কর্মসূচি চলাকালে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে আহত পাঁচজনকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসক তাদের হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। আহতরা হলেন—মো. রবিউল ইসলাম (১৭), তার বাবা মো. বাবুল হোসেন; মো. রিশাদ (২৮), তার বাবার নাম মোহাম্মদ; মো. রিফাত হোসেন (২৬), তার বাবা মো. রওশন আলী; মো. সিজান আলী (২২), তার বাবা মো. সিপন আলী এবং মো. শহিদ হোসেন (২৪), তার বাবা মো. নবী আলম। তাদের সবার বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী থানা এলাকায়। প্রাথমিকভাবে উদ্ধারকারীদের দেওয়া তথ্য অনুযায়ী, নিজ এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বিএনপির মানববন্ধন চলছিল। এ সময় দুর্বৃত্তরা গুলি ছুড়লে পাঁচজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত পাঁচজনই বিএনপি সমর্থক। তবে তাদের কারও নির্দিষ্ট দলীয় পদ-পদবি বা সাংগঠনিক পরিচয় জানা যায়নি। এ ঘটনায় কারা জড়িত এবং কী কারণে গুলির ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিস্তারিত জানতে পরবর্তী তথ্যের অপেক্ষা করা হচ্ছে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply