
অধিভুক্তি নবায়নের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ পরিদর্শন করেছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) তিন সদস্যের প্রতিনিধি দল। সোমবার (২৩ নভেম্বর) রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশক্রমে প্রতিনিধি দলটি কলেজের সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে। পরিদর্শনকালে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ‘বিএসসি ইন বেসিক নার্সিং’ এবং ২০২৭-২০২৮ শিক্ষাবর্ষে ‘বিএসসি ইন পোস্ট বেসিক নার্সিং’ কোর্সের অধিভুক্তি নবায়নের সম্ভাব্যতা ও প্রয়োজনীয় মানদণ্ড যাচাই করা হয়। দিনাজপুর মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. জিয়াউল হাসানের নেতৃত্বে গঠিত পরিদর্শন কমিটির অন্য সদস্যরা হলেন দিনাজপুর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. শাহাজাহান আলী এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. শাহ মো. বদরুদ্দোজা। কমিটিতে অধ্যাপক ডা. জিয়াউল হাসান আহ্বায়ক, ডা. শাহাজাহান আলী সদস্য এবং অধ্যাপক ডা. শাহ মো. বদরুদ্দোজা সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মু. নূর-রায়হান সহায়তাকারী কর্মকর্তা হিসেবে প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন। পরিদর্শনকালে কলেজ কর্তৃপক্ষের পক্ষে উপস্থিত ছিলেন দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ গভর্নিং বডির ভারপ্রাপ্ত সভাপতি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি অধ্যাপক ডা. এ এইচ এম শফিকুর রহমান, জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও কলেজ গভর্নিং বডির সদস্য এ কে এম আজাদ, সহ-সম্পাদক ও গভর্নিং বডির সদস্য মো. আবু তাহের আবু, জিয়া হার্ট ফাউন্ডেশনের স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের পরিচালক ডা. গোলাম মোস্তফা, কলেজের অধ্যক্ষ ড. শারমিন সাত্তার এবং সচিব মো. শাহজাহান আলীসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় প্রতিনিধি দল কলেজের কম্পিউটার ল্যাব, শ্রেণিকক্ষ, ল্যাবরেটরি, লাইব্রেরিসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও অবকাঠামোগত বিষয় নিয়ে কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনের মাধ্যমে কলেজটির শিক্ষার পরিবেশ, অবকাঠামোগত সুবিধা ও সংশ্লিষ্ট মানদণ্ড যাচাই করা হয়। তবে অধিভুক্তি নবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের তথ্য জানানো হয়নি।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply