
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মোকছেদুল (৫২) নামে এক অটোরিকশাচালককে হত্যা করে তার অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সোমবার (৫ অক্টোবর) ভোরে উপজেলার সাতনালা ইউনিয়নের মানিতবাটি গ্রামের ফুলটঙ্গী ঈদগাহ মাঠসংলগ্ন একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মোকছেদুল উপজেলার ইছামতি গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে অটোরিকশা নিয়ে ভাড়া পরিবহনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মোকছেদুল। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সোমবার ভোর ৬টার দিকে স্থানীয়রা ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুন নবী জানান, নিহতের গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহটি পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোববার বিকেল থেকে সোমবার ভোরের মধ্যে কোনো একসময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে গেছে। তিনি আরও জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। পাশাপাশি এলাকায় পুলিশি টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply