
‘সত্য সুন্দর প্রকাশে চ্যানেল আই’ স্লোগানকে সামনে রেখে বরগুনায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে দেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।
বুধবার (১ অক্টোবর) সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও মতবিনিময় সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শুরু হয়। একই সঙ্গে চ্যানেল আইয়ের ২৮ বছরের পথচলাকে স্মরণীয় করে রাখতে জেলার বিভিন্ন স্থানে ২৮টি বৃক্ষরোপণ করা হয়।
বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরগুনা জেলা বিএনপির সদস্যসচিব হুমায়ূন হাসান শাহীন।
এ সময় উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল ও জাকির হোসেন মিরাজ, বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, সাধারণ সম্পাদক সুমন সিকদার এবং বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ্। এ ছাড়া জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর অন্যতম আকর্ষণ ছিল পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি। চ্যানেল আইয়ের ২৮ বছরের পথচলার প্রতীক হিসেবে জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির ২৮টি গাছ রোপণ করা হয়। প্রতিটি গাছকে চ্যানেল আইয়ের পথচলার একেকটি বছরের প্রতীক হিসেবে তুলে ধরেন আয়োজকেরা। তাঁদের মতে, সংবাদ, বিনোদন ও সংস্কৃতির পাশাপাশি সমাজ ও প্রকৃতির প্রতি দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।
বিশেষ অতিথির বক্তব্যে বরগুনা জেলা বিএনপির সদস্যসচিব হুমায়ূন হাসান শাহীন বলেন, “বাংলাদেশের জনপ্রিয় ও বহুল প্রচারিত চ্যানেল আই আমাদের চ্যানেল, মাটি ও মানুষের চ্যানেল। ২৮ বছরের গৌরবময় পথচলায় চ্যানেল আই সততা, দায়িত্বশীলতা ও মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আরও বহুদূর এগিয়ে যাবে।”
তিনি চ্যানেল আইয়ের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সামাজিক দায়বদ্ধতা ও দীর্ঘ পথচলার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি চ্যানেল আইয়ের সঙ্গে বরগুনার মানুষের দীর্ঘদিনের সম্পৃক্ততার কথা উল্লেখ করে বলেন, এ ধরনের আয়োজন গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস বলেন, “চ্যানেল আই একটি ঐতিহ্যবাহী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল। বরগুনার সার্বিক অসংগতি, অনিয়ম এবং সাধারণ মানুষের দাবি-দাওয়াগুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার ক্ষেত্রে চ্যানেল আইয়ের প্রতি মানুষের প্রত্যাশা রয়েছে।”
তিনি আরও বলেন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে সাধারণ মানুষের কথা তুলে ধরার পাশাপাশি সমাজ ও পরিবেশের প্রতি সচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
অনুষ্ঠানে বক্তারা চ্যানেল আইয়ের ‘সবার আগে বাংলাদেশ’ ও ‘হৃদয়ে বাংলাদেশ’ চেতনাকে ধারণ করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
কেক কাটা, মতবিনিময় ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনটি বরগুনার গণমাধ্যমকর্মীদের মিলনমেলায় পরিণত হয়। ২৮ বছরের পথচলার স্মারক হিসেবে রোপণ করা ২৮টি বৃক্ষ ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখবে—এমন প্রত্যাশার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply