
চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে মজুদ করে রাখা ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। সার বিক্রির বৈধ লাইসেন্স না থাকলেও সরকারি সার মজুদ ও বিক্রির অভিযোগে মেসার্স শান্তনা এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জীবননগর-দত্তনগর সড়কে অবস্থিত মেসার্স শান্তনা এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া সুলতানা এ্যানি।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মেসার্স শান্তনা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদের সার বিক্রির বৈধ লাইসেন্স নেই। এরপরও দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে সরকারি সার মজুদ ও বিক্রি করা হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গুদাম ও সংশ্লিষ্ট স্থানে তল্লাশি চালিয়ে ৪০৩ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, সরকারি সার নির্ধারিত নিয়মের বাইরে মজুদ, কালোবাজারি বা বিক্রির কোনো সুযোগ নেই। জব্দ করা ৪০৩ বস্তা ডিএপি সার বিশেষ ক্ষমতা আইনের আওতায় আটক করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করে। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল রানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কৃষক অভিযোগ করেন, সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিএপি সার বিক্রি করতেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ। তাদের দাবি, ১ হাজার ৫০ টাকা মূল্যের প্রতি বস্তা ডিএপি সার ১ হাজার ৩৫০ থেকে ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত দামে বিক্রি করা হতো।
কৃষকদের অভিযোগ, সারের দাম বেশি নেওয়ার কারণ জানতে চাইলে অনেক সময় তাদের কাছে সার বিক্রি করা হতো না। অতিরিক্ত দামে সার বিক্রির কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে বলে তারা দাবি করেন। একই সঙ্গে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি সার অবৈধভাবে মজুদ, কালোবাজারি ও নিয়মবহির্ভূতভাবে বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply