
“ব্যক্তিস্বার্থ ও রাজনীতিমুক্ত মানবিক ফাউন্ডেশন”—এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর বেলাবো উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের ছায়ান গ্রামে প্রবাসীদের উদ্যোগ ও অর্থনৈতিক সহযোগিতায় ‘ছায়ান প্রবাসী ও যুব মানবিক ফাউন্ডেশন’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছায়ান গ্রামের রাধাখালী বাজারে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক উন্নয়ন এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই প্রবাসী ও স্থানীয় যুবকদের সম্মিলিত উদ্যোগে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আল-আমিন। অনুষ্ঠানে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও মানবিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এ সময় সংগঠনের উপদেষ্টা ছায়ান উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. ইকতিয়ার হোসাইন কমল মাস্টার, রাধাখালী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. সুরুজ মিয়া ও মো. মুর্শিদ মিয়া উপস্থিত ছিলেন। সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি মো. রয়েল মিয়া, ম্যানেজার, গ্রামীণ ব্যাংক; সহ-সভাপতি মো. কামরুল ইসলাম, সৌদি আরব প্রবাসী; সাধারণ সম্পাদক মো. কাউছার মিয়া, সৌদি আরব প্রবাসী এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া, সৌদি আরব প্রবাসী। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনী সিভিল; দপ্তর সম্পাদক মো. রাশেদ রায়হান; কোষাধ্যক্ষ মো. আক্তার হোসেন (আসিফ), সাবেক সভাপতি, চর ছায়েট পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আক্তারুজ্জামান দায়িত্ব পালন করছেন। সংগঠনের সঙ্গে আরও যুক্ত রয়েছেন মোহাম্মদ শাহজালাল, মাহফুজুর রহমান, নাঈম ও শফিকুল ইসলাম (সবুর), যারা বিভিন্ন দেশে প্রবাসজীবন কাটাচ্ছেন। সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রবাসীদের আন্তরিক উদ্যোগ, সহযোগিতা ও অর্থনৈতিক অংশগ্রহণই সংগঠনটি প্রতিষ্ঠার অন্যতম প্রধান শক্তি। দেশের বাইরে থেকেও এলাকার মানুষের প্রতি দায়িত্ববোধ থেকে প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়ে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখার উদ্যোগ নিয়েছেন। তাঁদের সঙ্গে স্থানীয় যুবসমাজকে সম্পৃক্ত করে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।এ উপলক্ষে সংগঠনের উদ্যোগে মাহমুদিয়া হুসাইনিয়া সামাজিক কবরস্থান প্রাঙ্গণে পাঁচটি ফলজ গাছের চারা রোপণ করা হয়। কবরস্থানের পরিবেশ সবুজ, সুন্দর ও মনোরম রাখতে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও সামাজিক কবরস্থানসহ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।সংগঠনের সভাপতি মো. আল-আমিন বলেন, মানবিক মূল্যবোধকে সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক উন্নয়ন, মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই সংগঠনের অন্যতম লক্ষ্য। প্রবাসীদের সহযোগিতা ও স্থানীয় যুবসমাজের সম্মিলিত প্রচেষ্টায় ব্যক্তিস্বার্থ ও রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থেকে মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে সংগঠনটি এগিয়ে যাবে। তিনি আরও বলেন, দেশের বাইরে অবস্থান করেও ছায়ান গ্রামের প্রবাসীরা এলাকার মানুষের সুখ-দুঃখের অংশীদার হতে চান। তাঁদের সহযোগিতা ও উদ্যোগকে কাজে লাগিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার সামাজিক উন্নয়নে ভূমিকা রাখাই সংগঠনের মূল উদ্দেশ্য। সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রবাসী ও স্থানীয় যুবসমাজের সম্মিলিত উদ্যোগে ‘ছায়ান প্রবাসী ও যুব মানবিক ফাউন্ডেশন’ ভবিষ্যতে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করবে। সংগঠনের সফলতার জন্য তাঁরা সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply