
বরগুনায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, এমপি। সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ প্রতিরোধ এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করা হয়। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম ও করণীয় নিয়ে মতামত ও বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়। সভায় উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার কুদরত-ই-খুদা, বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা, জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ূন হাসান শাহিন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ১০ নম্বর নলটোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকউজ্জামান মাহফুজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, র্যাব-৮-এর স্কোয়াড লিডার, সিভিল সার্জনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশ নেন। তারা জেলার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন। এর আগে বরগুনা সার্কিট হাউসে বরগুনা জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নৌপরিবহন মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানের বরগুনায় আগমন উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা বিএনপির নেতৃবৃন্দ।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply