
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মাঠপাড়ায় ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী বৃদ্ধ ইউনুস আলীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, ওই ঘটনার পর কিশোরী অন্তঃসত্ত্বা হলে দেড় লাখ টাকার বিনিময়ে গ্রাম্য সালিশে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছে। এদিকে গর্ভপাতের পর কিশোরী গুরুতর অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবারের দাবি, কিশোরীটি সেবাবাগ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। প্রায় এক মাস আগে পেটে ব্যথা হলে তাকে প্রথমে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসায় অবস্থার উন্নতি না হওয়ায় চুয়াডাঙ্গার একটি ক্লিনিকে আল্ট্রাসনোগ্রাম করা হয়। পরীক্ষা শেষে চিকিৎসকেরা কিশোরীটি প্রায় চার মাসের অন্তঃসত্ত্বা বলে জানান। পরিবারের দাবি, চুয়াডাঙ্গার চিকিৎসকেরা গর্ভপাত করাতে রাজি না হওয়ায় পরে কিশোরীকে কুষ্টিয়ার একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে ৫০ হাজার টাকার বিনিময়ে গর্ভপাত করানো হয় বলে অভিযোগ করেছে পরিবার। ভুক্তভোগীর বাবা অভিযোগ করে বলেন, অভিযুক্ত ইউনুস আলী সম্পর্কে তার মেয়ের দাদা। পারিবারিকভাবে তাকে দাদা হিসেবে জানায় তারা কখনো সন্দেহ করেননি। ঘটনা জানার পর তিনি আইনের আশ্রয় নিতে চাইলেও স্থানীয় কয়েকজন মাতব্বর ‘গ্রামের মান-ইজ্জত’ রক্ষার কথা বলে সালিশের আয়োজন করেন। তিনি বলেন, গত সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত সালিশে অভিযুক্ত ইউনুস আলীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। আগামী ৫ অক্টোবর ওই টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। পরিবারের দাবি, সালিশে অভিযুক্ত ইউনুস আলী উপস্থিত ছিলেন না। তবে তার বাবা ও সন্তানরা উপস্থিত ছিলেন। ঘটনার পর থেকে ইউনুস আলী পলাতক রয়েছেন এবং তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে বলে পরিবার জানিয়েছে। এদিকে গর্ভপাতের পর কিশোরী গুরুতর অসুস্থ হয়ে পড়লে বর্তমানে তাকে ঢাকায় এক আত্মীয়ের কাছে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিবারের দাবি, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীর ওপর নির্যাতনের অভিযোগ এবং বিষয়টি গ্রাম্য সালিশে অর্থের বিনিময়ে মীমাংসার চেষ্টার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় সচেতন মহল কিশোরীর চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply