
দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, বিলুপ্তপ্রায় প্রজাতি সংরক্ষণ এবং প্রাণিজ আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে কিশোরগঞ্জের কটিয়াদীতে উন্মুক্ত জলাশয় ও প্রাতিষ্ঠানিক পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলার করগাঁও হাওরে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় এ পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে একটি প্রাতিষ্ঠানিক পুকুর ও একটি উন্মুক্ত জলাশয়ে মোট ৩৩৩ দশমিক ৩৩ কেজি রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কাউসার মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, শেখ জসিম উদ্দিন মেনু, করগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান শরাফ উদ্দিন লস্কর পারভেজ এবং যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফুলুসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, বিলুপ্তপ্রায় প্রজাতি সংরক্ষণ এবং সাধারণ মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, শুধু মাছের পোনা অবমুক্ত করলেই হবে না, জলাশয় সংরক্ষণ এবং অবৈধভাবে মাছ শিকার বন্ধেও সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরিকল্পিতভাবে মাছের পোনা অবমুক্ত করার পাশাপাশি প্রাকৃতিক জলাশয়ের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। এমপি আরও বলেন, অবৈধভাবে মাছ শিকার বন্ধ করা গেলে দেশীয় মাছের উৎপাদন আরও বাড়বে এবং এর সুফল স্থানীয় জনগোষ্ঠী ভোগ করবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় কটিয়াদীর জলাশয়গুলো দেশীয় মাছে সমৃদ্ধ হবে, যা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। মৎস্য বিভাগের সংশ্লিষ্টরা জানান, উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার ফলে দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি স্থানীয় মানুষের মাছের চাহিদা পূরণেও ইতিবাচক ভূমিকা রাখবে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply