1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 9, 2026, 7:00 am

অস্ত্রোপচারে রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন, ৪৮ ঘণ্টা ধর্ম ঘটের ডাক চিকিৎসকদের

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
  • 76 Time View

চুয়াডাঙ্গা শহরের উপশম নার্সিং হোমে পিত্তথলিতে অস্ত্রোপচারের সময় রবগুল মোল্লা (৪৮) নামে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, ক্লিনিকে ভাঙচুর ও চিকিৎসক লাঞ্ছনার ঘটনায় নতুন করে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রোগীর মৃত্যুর ঘটনায় জেলা স্বাস্থ্য বিভাগ চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত উপশম নার্সিং হোমের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে চিকিৎসকের ওপর হামলা ও ক্লিনিকে ভাঙচুরের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলাজুড়ে সরকারি-বেসরকারি চিকিৎসকদের ৪৮ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জেলা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। তবে এ সময় সরকারি হাসপাতালগুলোর স্বাভাবিক চিকিৎসাসেবা চালু থাকবে। রোববার (২০ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে বিএমএর জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা জেলার সরকারি ও বেসরকারি চিকিৎসকেরা প্রাইভেট প্র্যাকটিস থেকে বিরত থাকবেন। চুয়াডাঙ্গা জেলা বিএমএর দপ্তর সম্পাদক ডা. মো. মোহাইমিনুল ইসলাম জানান, রোববার রাতে দীর্ঘ আলোচনার পর চিকিৎসকদের নিরাপত্তা ও ক্লিনিকে হামলার প্রতিবাদে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ। তিনি বলেন, “ঘটনার তদন্তে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  ক্লিনিকের কার্যক্রম সাময়িক বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।” এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রবগুল মোল্লার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উপশম নার্সিং হোম এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। স্বজনরা দফায় দফায় ক্লিনিকে ভাঙচুর করেন। প্রায় ছয় ঘণ্টা ধরে চলা এ ঘটনায় রাত ১১টা পর্যন্ত উত্তেজনাকর পরিস্থিতি ছিল। এ সময় ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করার সময় চুয়াডাঙ্গা জেলা বিএমএর আহ্বায়ক ডা. মো. আবু হাসানুজ্জামান নূপুরের ওপর হামলা ও মারধরের অভিযোগ ওঠে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন। নিহত রবগুল মোল্লা (৪৮) চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া গ্রামের খেজমত মোল্লার ছেলে। তিনি পেশায় কৃষক এবং স্থানীয় একটি ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। স্বজনদের ভাষ্য অনুযায়ী, পিত্তথলিতে পাথরের অস্ত্রোপচারের জন্য শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে রবগুলকে উপশম নার্সিং হোমে ভর্তি করা হয়। শনিবার বিকেল ৩টার দিকে তাকে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়। ক্লিনিকের মালিক ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. এহসানুল হক তন্ময় অস্ত্রোপচার শুরু করেন। অ্যানেসথেসিয়া চিকিৎসক হিসেবে ছিলেন সদর হাসপাতালের ডা. রাইসুল ইসলাম জুয়েল। নিহতের বোন সাকিনা খাতুনের অভিযোগ, অস্ত্রোপচারের আগে তার ভাইকে একাধিকবার ইনজেকশন দিয়ে অবশ করার চেষ্টা করা হয়। পরে অস্ত্রোপচারের পর চিকিৎসকদের আচরণ তাদের কাছে স্বাভাবিক মনে হয়নি। একপর্যায়ে চিকিৎসকেরা রক্তের ব্যবস্থা করতে বলেন এবং রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার প্রয়োজন হতে পারে বলেও জানান। সাকিনা খাতুনের দাবি, রোগীর অবস্থা সংকটাপন্ন হলে তাদের দ্রুত জানানো হলে তারা অন্যত্র নেওয়ার ব্যবস্থা করতেন। তবে তাদের ধারণা, অস্ত্রোপচারের সময়ই রবগুল মোল্লার মৃত্যু হয়েছে। তিনি বলেন, “আমার ভাই হাসতে হাসতে অপারেশনের রুমে গেলো, একদম সুস্থ-সবল মানুষ। অপচিকিৎসায় আমার ভাইটাকে তারা মেরে ফেললো। আমি তাদের বিচার চাই।” স্বজনদের অভিযোগ, অস্ত্রোপচারের একপর্যায়ে অপারেশন টেবিলেই রবগুলের মৃত্যু হয়। মৃত্যুর পরও তাকে অপারেশন থিয়েটারে রেখে চিকিৎসকেরা চলে যান বলেও অভিযোগ করেন তারা। চিকিৎসায় অবহেলা হয়ে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্বজনরা। তবে এসব অভিযোগের বিষয়ে জানতে ডা. এহসানুল হক তন্ময় ও ডা. রাইসুল ইসলাম জুয়েলের ব্যক্তিগত নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। পরে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। এদিকে ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ক্লিনিক কর্তৃপক্ষ বাধা দিয়েছে বলেও অভিযোগ উঠেছে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যান চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরিফুজ্জামান শরীফ। তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান। রবগুল মোল্লার দাফন রোববার সম্পন্ন হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন। তার মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং চিকিৎসায় অবহেলা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বিএমএর চার সিদ্ধান্ত

চিকিৎসকদের ওপর হামলা ও ক্লিনিক ভাঙচুরের প্রতিবাদে অনুষ্ঠিত বিএমএর জরুরি সভায় চারটি সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথমত, নিহত রবগুল মোল্লার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। দ্বিতীয়ত, বিএমএর আহ্বায়ক ডা. আবু হাসানুজ্জামান নূপুরকে শারীরিকভাবে নির্যাতন এবং ক্লিনিকে ভাঙচুরের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। তৃতীয়ত, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ২১ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা জেলার সরকারি ও বেসরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সরকারি হাসপাতালের স্বাভাবিক চিকিৎসাসেবা অব্যাহত থাকবে। চতুর্থত, নির্ধারিত ৪৮ ঘণ্টার মধ্যে চিকিৎসকদের দাবিগুলো পূরণ না হলে পরবর্তী সভায় আলোচনা করে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করার কথা জানানো হয়। এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর রোগীর মৃত্যুর ঘটনায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন। ফলে রবগুল মোল্লার মৃত্যুর প্রকৃত কারণ, চিকিৎসায় কোনো ধরনের অবহেলা হয়েছিল কি না এবং এ ঘটনায় কারও দায় রয়েছে কি না—এসব বিষয় তদন্ত প্রতিবেদনের মাধ্যমে স্পষ্ট হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost