
নরসিংদীর বেলাবো উপজেলার আমলাব ইউনিয়নের রাজারবাগ হাই স্কুলের পেছনে হাবিবুল্লাহ (৩৫) নামে এক ফায়ার সার্ভিস কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত হাবিবুল্লাহ রাজারবাগ গ্রামের খুর্শিদ মিয়ার ছেলে। তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মরত বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে রাজারবাগ মোহাইড় এলাকা থেকে বাড়ি ফেরার পথে রাজারবাগ হাই স্কুলের পেছনে পৌঁছালে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি হাবিবুল্লাহর ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য নরসিংদীতে রেফার করেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবে কী কারণে এবং কারা এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় কোনো মামলা বা অভিযোগ হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply