
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে রাজশাহীতে বাড়ছে পদ্মা নদীর পানি। এরই মধ্যে নদীর কয়েকটি চরাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি মানুষের দুর্ভোগের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে সাপের আতঙ্ক। পানি বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রজাতির সাপ স্থলভাগ ও লোকালয়ের দিকে উঠে আসছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। রাজশাহী নগরীর পদ্মা নদীর তীরবর্তী সীমান্ত অবকাশ এলাকাতেও বিষধর রাসেল ভাইপার দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের দাবি, নদীর পানি বাড়ায় নিচু এলাকা ও গর্ত থেকে সাপগুলো উঁচু এবং অপেক্ষাকৃত নিরাপদ স্থানে উঠে আসছে। এতে লোকালয় ও বসতবাড়ির আশপাশে সাপের উপস্থিতি বাড়ায় পদ্মাপাড়ের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন আগেও এলাকায় এ ধরনের সাপের উপস্থিতি তেমন দেখা যায়নি। তবে পানি বাড়ার পর গত কয়েক দিনে বিভিন্ন স্থানে একাধিক বিষধর সাপ দেখা গেছে বলে দাবি করছেন তারা। পানির স্রোতে ভেসে আসা কিংবা নিচু এলাকা থেকে আশ্রয়ের সন্ধানে উঠে আসা সাপগুলো বিভিন্ন স্থানে অবস্থান নিচ্ছে বলে ধারণা স্থানীয়দের। এক কিশোর জানান, তিনি পানির মধ্য থেকে একটি বড় সাপকে উঠে আসতে দেখেছেন। পরে ঘাটের কাছে সাপটি পড়ে থাকলে স্থানীয়রা সেটিকে মেরে ফেলেন। স্থানীয়দের দাবি, পরে সাপটিকে রাসেল ভাইপার হিসেবে শনাক্ত করা হয়। এক নারী জানান, তিনিও একটি বড় সাপ দেখতে পেয়েছিলেন। সেটিকে মারার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত সেটি কোন দিকে চলে গেছে, তা আর দেখা যায়নি। আরেক বাসিন্দা বলেন, ‘পানি বাড়ার কারণে নদী ও আশপাশের নিচু জায়গা থেকে সাপগুলো উঁচু স্থানে উঠে আসছে। পরে সেখান থেকে লোকালয়ের দিকে চলে আসায় মানুষের মধ্যে ভয় তৈরি হয়েছে। বিশেষ করে রাতে সাপের কামড়ের আশঙ্কায় অনেকে আতঙ্কে থাকছেন।’ এদিকে জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, রাজশাহী শহরের পাশের ভারত সীমান্তঘেঁষা চর খিদিরপুর ও খানপুরসহ পদ্মার ওপারের বিভিন্ন চরাঞ্চল পানিতে তলিয়ে গেছে। পানিবন্দি পরিবারগুলোর জন্য প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। রাজশাহীর জেলা প্রশাসক কাজী শাহিদুল ইসলাম জানান, পানিবাহিত রোগের বিস্তার ঠেকাতে পানিবন্দি মানুষের মধ্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হচ্ছে। আকস্মিক বন্যার ঢলে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রমও শুরু হয়েছে। সাপের আতঙ্কের মধ্যেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সাপে কাটা রোগীদের চিকিৎসায় বিনামূল্যে অ্যান্টিভেনম সরবরাহ করা হচ্ছে। সাপে কাটা রোগীদের হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। স্থানীয়দের সতর্ক থাকার পাশাপাশি সাপ দেখা গেলে আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেওয়া হচ্ছে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply