
দিনাজপুরের বিরল সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ৪৮ বোতল যৌন উত্তেজক সিরাপ, ৭০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টা ২০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়নের অধীন মৌচুষা বিওপির একটি টহল দল বিরল উপজেলার ঠাকুরপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ৩২৯/৯-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৪৮ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়। অপরদিকে, একই দিন রাত ১১টা ৪০ মিনিটে ডুংডুংগী বিওপির সদস্যরা বিরল উপজেলার দক্ষিণ গোবিন্দপুর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। এ সময় সীমান্ত পিলার ৩২৫/৫-এস থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৭০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। বিজিবি সূত্র জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য ও মোটরসাইকেলের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এসব ঘটনায় জড়িত চোরাকারবারি ও মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় এসব অপরাধ দমনে ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply