
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের খুটিপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, হত্যাচেষ্টা, জমি দখলের চেষ্টা ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে নুসরাত জাহান বিউটি খাতুন ও তাঁর পরিবারের বিরুদ্ধে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সুফিয়া বেগমের মেয়ে শ্যামলী খাতুন। এ সময় উপস্থিত এলাকাবাসীও বিউটি খাতুনের গ্রেপ্তারের দাবি জানান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় খুটিপাড়া গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে শ্যামলী খাতুন অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাঁর মায়ের জমি নিয়ে বিউটি খাতুন ও তাঁর পরিবারের সঙ্গে বিরোধ চলছে। এ বিরোধের জেরে তাঁর মা ও ভাইকে ভয়ভীতি প্রদর্শন, শারীরিক নির্যাতন এবং মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। লিখিত বক্তব্যে শ্যামলী খাতুন বলেন, গত ১০ জুন মাগরিবের নামাজের সময় জমিসংক্রান্ত বিরোধের জেরে বিউটি খাতুন, তাঁর স্বামী শহিদুল ইসলাম, শ্বশুর আলম, শাশুড়ি নার্গিসসহ তাঁদের সহযোগীরা দেশীয় অস্ত্র, শাবল, কোদাল ও বাঁশের লাঠি নিয়ে তাঁর মায়ের জমি দখলের উদ্দেশ্যে হামলা চালান। এ সময় তাঁর মা সুফিয়া বেগমকে মারধর করে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।শ্যামলীর অভিযোগ, একই ঘটনায় বিউটি খাতুন নিজেই মেহগনি গাছের সঙ্গে মাথা ঠুকে আহত হওয়ার ঘটনা সাজান। পরে এ ঘটনাকে কেন্দ্র করে তাঁদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানান। তিনি আরও বলেন, গত ১৫ নভেম্বর এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিরোধ নিষ্পত্তির জন্য সালিশি বৈঠক ও জমির কাগজপত্র যাচাই-বাছাইয়ের দিন নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ওই বৈঠক ভণ্ডুল করার উদ্দেশ্যে ১২ নভেম্বর আবারও তাঁর মায়ের জমি দখলের চেষ্টা করা হয়। এ সময় তাঁর ভাই চঞ্চলকে লাঠি ও শাবল দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা করা হয়। স্থানীয়দের সহযোগিতায় তিনি প্রাণে রক্ষা পান বলে দাবি করেন শ্যামলী। শ্যামলীর দাবি, ঘটনার পর জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উভয় পক্ষকে নিয়ে বিরোধ মীমাংসার উদ্যোগ নেন এবং মামলা-মোকদ্দমা থেকে বিরত থাকার পরামর্শ দেন। কিন্তু মীমাংসার আশ্বাস দিয়ে সময়ক্ষেপণের একপর্যায়ে বিউটি খাতুনের শাশুড়িকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার কাগজপত্র সংগ্রহ করা হয়। পরে গোপনে তাঁর ভাই চঞ্চলসহ স্থানীয় কয়েকজন নিরীহ গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় পুলিশ চঞ্চলকে গ্রেপ্তার করে। সংবাদ সম্মেলনে শ্যামলী আরও অভিযোগ করেন, চঞ্চলকে গ্রেপ্তারের পর হ্যান্ডকাফ পরা অবস্থায় তাঁর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে উচ্ছ্বাস প্রকাশ করেন বিউটি খাতুন। বিষয়টি তাঁদের পরিবারের জন্য অপমানজনক ও বেদনাদায়ক বলেও উল্লেখ করেন তিনি।এদিকে বিউটি খাতুনের মেয়ে বৃষ্টি খাতুনের সংবাদ সম্মেলনের বক্তব্যের প্রসঙ্গ তুলে শ্যামলী বলেন, সেখানে নিজের মা বিউটি খাতুন ও চতুর্থ সৎ বাবা সুজনের বিরুদ্ধে গর্ভের সন্তানকে শারীরিক নির্যাতনের মাধ্যমে হত্যা এবং স্বামীকে তালাক দিতে চাপ দেওয়ার মতো গুরুতর অভিযোগ তোলা হয়েছে। ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার জেরে খুটিপাড়া এলাকার কয়েকজন বাসিন্দার বিরুদ্ধে বিউটি খাতুনের শাশুড়িকে বাদী করে ধর্ষণ মামলা করা হয়েছে বলেও তাঁরা জানতে পেরেছেন। এসব অভিযোগেরও নিরপেক্ষ তদন্ত দাবি করেন তিনি। এ ছাড়া বিউটি খাতুনের বিরুদ্ধে তাঁর শ্বশুর-শাশুড়িকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেওয়া এবং দাদিশাশুড়িকে জিম্মি করে জমি লিখে নেওয়ার পর তাঁকেও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ তোলা হয় সংবাদ সম্মেলনে। আবেগাপ্লুত কণ্ঠে শ্যামলী খাতুন বলেন, “আমার মা কি নিজের জমিতে শান্তিতে বসবাস করতে পারবেন না? আমার ভাই কি নিজের মা ও মায়ের জমি রক্ষা করতে গিয়ে বারবার হামলা ও মামলার শিকার হবে? আমরা কারও জমি দখল করতে চাই না, কারও সঙ্গে অন্যায় করতে চাই না। আমরা শুধু ন্যায়বিচার ও নিরাপত্তা চাই।” তিনি আরও অভিযোগ করেন, অর্থনৈতিক প্রভাব খাটিয়ে স্থানীয় প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। তবে কোনো পক্ষের প্রভাবে নয়, তথ্য-প্রমাণের ভিত্তিতে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত খুটিপাড়া গ্রামের এলাকাবাসীও অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। তাঁরা বিউটি খাতুনকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। তাঁদের দাবি, জমি নিয়ে বিরোধ, হামলা, মামলা ও সামাজিক হয়রানির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা কঠিন হয়ে পড়বে। সংবাদ সম্মেলন থেকে সাত দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—গত ১০ জুন ও ১২ নভেম্বরের হামলার ঘটনা তদন্ত, সুফিয়া বেগম ও তাঁর ছেলে চঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, জমি দখলের চেষ্টা বন্ধ, হয়রানিমূলক মামলা দায়েরের অভিযোগ যাচাই এবং বৃষ্টি খাতুনের বক্তব্যে উঠে আসা পারিবারিক নির্যাতনের অভিযোগ তদন্ত করা। সংবাদ সম্মেলন থেকে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে শ্যামলী বলেন, অপরাধী যে-ই হোক, তার পরিচয় বা প্রভাব বিবেচনা না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে খুটিপাড়া গ্রামের সাধারণ মানুষের জানমাল, জমি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত নুসরাত জাহান বিউটি খাতুন ও তাঁর পরিবারের সদস্যরা এলাকায় অনুপস্থিত থাকায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply